ছবি : আপন দেশ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্র জানায়, সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত দিয়ে তিনজন ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্ত এলাকা থেকে বিজিবি তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে তারা নিজেদের আরাকান আর্মির সদস্য বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































