Apan Desh | আপন দেশ

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, মাপ বলে দিল বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৭, ১৬ অক্টোবর ২০২৬

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, মাপ বলে দিল বিআরটিএ

ছবি: আপন দেশ

মোটরসাইকেলের পেছনে ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনের দিকেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় নম্বরপ্লেট স্থাপন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি (RFID) প্রযুক্তিসংবলিত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার করার বিধান রয়েছে। 

তবে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করার লক্ষ্যে পেছনের পাশাপাশি মোটরসাইকেলের সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

প্রাথমিক পর্যায়ে মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং এর ওপর বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বরপ্লেটে কোনো নকশা বা অতিরিক্ত শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন <> শসার দাম বেড়ে কেজি ১২০ টাকা, কমেছে শিমের

সামনের নম্বরপ্লেট তৈরির ক্ষেত্রে বিআরটিএ সুনির্দিষ্ট পরিমাপ ও নীতিমালা নির্ধারণ করে দিয়েছে:

মোটরসাইকেল (স্কুটার): নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেল: নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। স্কুটার ব্যতীত অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।

বিজ্ঞপ্তিতে নম্বরপ্লেটের গঠন ও নকশা নিয়ে বেশ কিছু সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। ম্যানুয়াল নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এছাড়া নম্বরপ্লেটের ওপর কোনো ধরনের শোভাধন, অতিরিক্ত নকশা বা ডিজাইন করা যাবে না।

বিআরটিএ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব মোটরসাইকেল মালিককে নির্ধারিত শর্ত মেনে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন নিশ্চিত করার আহবান জানিয়েছে। 

নির্ধারিত সময়ের মধ্যে তা অমান্য করলে আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়