Apan Desh | আপন দেশ

একাত্তরে মা-বোনের ইজ্জত লুণ্ঠনকারীরা বর্তমানে প্রতাপ দেখাচ্ছে: আমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

একাত্তরে মা-বোনের ইজ্জত লুণ্ঠনকারীরা বর্তমানে প্রতাপ দেখাচ্ছে: আমান

আমানউল্লাহ আমান। 

একাত্তরের পরাজিত শক্তি–যারা এদেশের মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, তারা এখন আবার প্রতাপ দেখাচ্ছে। এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান। 

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা-৭ আসনের বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদের সমর্থনে আয়োজিত এক প্রচার জনসভায় তিনি এ কথা বলেন।
 
আমান বলেন, এ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস রয়েছে। অসংখ্য মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত এ দেশকে কোনোভাবেই আর রাজাকারের হাতে তুলে দেয়া যাবে না। কোনো অশুভ শক্তিই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে পারবে না।

তিনি বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। একাত্তরের মায়েদের ইজ্জত লুণ্ঠনকারীরা বর্তমানে প্রতাপ দেখাচ্ছে। কিন্তু দেশের সাধারণ জনগণ তাদের কখনোই গ্রহণ করবে না। সব ষড়যন্ত্রের ফয়সালা রাজপথেই হবে।
 
ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বিএনপির এ নেতা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণ-অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে এ দেশের মানুষ রাজপথে রক্ত দিয়ে অধিকার আদায় করেছে। এ ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বেগম খালেদা জিয়া কারাবরণ করেছেন ও তারেক রহমান দীর্ঘ লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। দেশের মানুষ তারেক রহমানকে বরণ করে নিয়েছে। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে তারেক রহমানই নির্বাচিত হবেন।

জনসভায় ঢাকা-৭ আসনের প্রার্থী হামিদুর রহমান হামিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়