Apan Desh | আপন দেশ

ঠাকুরগাঁওয়ে মাটি খুঁড়লেই মিলছে সোনা!

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৪, ২৫ মে ২০২৪

আপডেট: ১২:৩৬, ২৫ মে ২০২৪

ঠাকুরগাঁওয়ে মাটি খুঁড়লেই মিলছে সোনা!

ছবি: সংগৃহীত

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে সোনার খোঁজে মাটি খুঁড়ছেন অন্তত সহস্রাধিক মানুষ। গভীর রাত থেকে বিভিন্ন বয়সের হাজারো মানুষ কোদাল, বাসিলা, খুন্তি নিয়ে সোনার খোঁজ করছেন। রাণীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ইট ভাটায় ভাগ্য বদলের আশায় দিন-রাত চলছে যেন মাটি খনন প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২৩ মে) সরেজমিনে এমন চিত্র দেখা যায়।

স্থানীয় কাতিহার আরবিবি ইট ভাটায় মাটির স্তূপগুলো সোনার মতোই জ্বলজ্বল করে জ্বলছে। রাতের অন্ধকারে মানুষের হাতে থাকা টর্চ, মোবাইলের আলোতে ইটভাটার মাটির স্তূপ স্বর্ণালি রূপ ধারণ করেছে। দূর থেকে যে কেউ দেখলেই গভীর অন্ধকারে টর্চের আলোয় আলোকিত স্বর্ণালি এক পাহাড়ের দৃশ্য দেখে চমকে উঠবে।

এতে মনে হবে এ প্রত্যন্ত অঞ্চলে অলৌকিকভাবে কোনো সোনার পাহাড় দাঁড়িয়ে আছে। হাজারো মানুষের বিশ্বাস আর আস্থা এখন কাতিহারের ইটভাটার মাটির স্তূপ। কেউ ভাগ্য বদলের আশায় আবার কেউ শখের বসে গভীর রাতে খুঁড়ে চলছেন এ অনাকাঙ্ক্ষিত সোনা।

গত বেশ কিছু দিন ধরে চলছে মাটি সোনার খোঁজে খনন প্রতিযোগিতা। গ্রামের বিভিন্ন বয়সের নারী-পুরুষ বাড়ি হতে কোদাল-বসিলা নিয়ে ওই ভাটায় আসছেন দলে দলে। দেখা গেছে, এদের মধ্যে শ্রমিক শ্রেণির মানুষই বেশি। সোনা পেলে নিজেদের ভাগ্য বদল হবে এ আশায় কেউ বসে নেই।

আশপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকেও ছোটখাটো যানবাহন নিয়ে সোনার সন্ধানে ভাগ্য বদলের জন্য ছুটে এসেছেন নানান পেশার মানুষ। আবার নিরাশ হয়েও ফিরছেন অনেকেই। ইট ভাটার আশপাশ জুড়ে গড়ে উঠেছে অস্থায়ী খাবার দোকান। স্থানীয়রা জানায়, মাটি খুঁড়ে বেশ কিছুদিন থেকেই অনেকে সোনা পাচ্ছেন।

আরও পড়ুন>> ঠাকুরগাঁওয়ে নলকূপে মিলছে না পানি

তাদের দাবি, ওই ভাটার মাটির স্তূপে বেশ কিছুদিন থেকেই সোনা পাচ্ছেন লোকজন। ইতোমধ্যে অনেকের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। সম্প্রতি সোনা বিক্রি করে অনেকেই মোটরসাইকেল কিনেছেন এমন কথাও মুখে মুখে শোনা গেছে। কিন্তু কে কে সোনা পেয়েছেন এ কথা স্বীকার করছেন না কেউ। তাদের দাবি, অনেকেই সোনা পেয়েছেন। তবে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এ ভয়ে মুখ খুলছেন না কেউই।

রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য উমের আলী বলেন, এখন পর্যন্ত সোনা কেউ পেয়েছে এরকম দেখিনি। তবে শুনেছি মানুষ নাকি সোনা পেয়েছে। এজন্য প্রশাসনকে বলা হয়েছিল। প্রশাসন আসছিল কিন্তু হাজার হাজার লোক জায়গাটা ঘিরে রাখায় তারা কিছুই চেক করতে পারেনি।

ইটভাটার ব্যবস্থাপক লিটন আলী বলেন, ‘কাতিহার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তূপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্তূপ থেকে নাকি সোনার জিনিস পাওয়া গেছে। এরপর থেকেই সাধারণ মানুষ দিন রাত ওই মাটির স্তূপ খনন করে সোনার সন্ধান করছে।’

রানীশংকৈল ইউএনও রকিবুল হাসান বলেন, বিষয়টি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement