Apan Desh | আপন দেশ

ভোট কেনা-বেচার হাটে চেয়ারম্যান প্রার্থীসহ আটক ১১

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০৮:২৪, ৭ মে ২০২৪

আপডেট: ০৯:৫৪, ৭ মে ২০২৪

ভোট কেনা-বেচার হাটে চেয়ারম্যান প্রার্থীসহ আটক ১১

পাবনার সুজানগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা শাহীনুজ্জামান শাহীনকে ১০ সহযোগীসহ আটক করেছে র‍্যাব। এসময় জব্দ করা হয়েছে শাহীনের উপজেলা নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ও ২২ লাখ ৮২ হাজার সাতশ টাকা। 

সোমবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুর এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব-১২ এর পাবনা ক্যাম্পের একটি দল। শাহীন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার প্রতীক আনারস।

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, আগামীকাল (বুধবার) উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সুজানগর উপজেলা নির্বাচন। এ উপলক্ষ্যে র‍্যাবের নিয়মিত টহল দল সুজানগরের চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিল। এসময় সন্দেহ হওয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন ও তার দশ সহযোগীকে আটক করা হয়। এ সময় তার গাড়িতে রাখা দুই ব্যাগ ভর্তি ২২ লাখ ৮২ হাজার সাতশ টাকাও জব্দ করা হয়। আটকদের মধ্যে পৌর দুই ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। বাকীদের নাম জানা যায়নি।

র‍্যাবের এ কর্মকর্তা আরও জানান, জেলা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে শাহীনুজ্জামান শাহীনকে আটকের খবরে তার সমর্থকরা সুজানগর থানা ঘেরাও করে বিক্ষোভ করে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়