ছবি: সংগৃহীত
লিওনেল আন্দ্রেস মেসি। আর মাত্র কয়েক ঘণ্টা পরই আর্ন্তজাতিক ফুটবল থেকে বিদায় নেবেন। তবে এ বিদায় যে সাধারণ হবে না, তা আগেই জানা ছিল। এবার জানা গেল সে বিদায়ের পুরো অনুষ্ঠানসূচিও।
অনুষ্ঠানের শুরুতে থাকবে গান ও জাতীয় সংগীত। এরপর ম্যাচ, বিরতিতে পরিবেশনা, ড্রোন শো, আতশবাজি এবং সবশেষে থাকবে বিশেষ চমক।
বুধবার (০৭ অক্টোবর) বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায়, বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিদায়ী ম্যাচকে ঘিরে পুরো আয়োজনের সূচি প্রকাশ করেছে।
ম্যাচের আগে থেকেই শুরু হবে উৎসব। স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ‘উন পোকো দে রুইদো’ দিয়ে শুরু হবে আয়োজন। এরপর একে একে মঞ্চে উঠবেন সেবাস্তিয়ান মেন্দোসা, রোমান এল অরিজিনাল, আমার আসুল, সান্তি কাইরো, কিউলোকুরা ও দামাস গ্রাতিস। রাত ৮টায় জাতীয় সংগীত পরিবেশন করবেন ফাবিও সান্তানা।
সূচি অনুযায়ী, ম্যাচের আগে শিল্পীদের পরিবেশনার সময়গুলোও নির্দিষ্ট করে দেয়া হয়েছে। বিকেল ৫টা ৪০ মিনিটে সেবাস্তিয়ান মেন্দোসা, ৫টা ৫০ মিনিটে রোমান এল অরিজিনাল, ৬টায় আমার আসুল, ৬টা ১০ মিনিটে সান্তি কাইরো এবং ৬টা ২০ মিনিটে কিউলোকুরা পরিবেশনা করবে। রাত ৭টায় থাকবে দামাস গ্রাতিসের পরিবেশনা।
এরপর রাত ৮টায় ফাবিও সান্তানার কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হবে মূল ম্যাচ। বাংলাদেশের দর্শকদের জন্য সে সময় হবে বুধবার ভোর ৫টা।
ম্যাচের বিরতিতেও থাকবে বিশেষ আয়োজন। তখন গান পরিবেশন করবেন গাসপার বেনেগাস। তবে রাতের সবচেয়ে বড় আয়োজন রাখা হয়েছে ম্যাচ শেষ হওয়ার পর।
ম্যাচ শেষের পর স্থানীয় সময় রাত ১০টা ৩ মিনিটে শুরু হবে ড্রোন ও আতশবাজির শো। ১০টা ১০ মিনিটে মঞ্চে উঠবেন জনপ্রিয় শিল্পী ‘লা সোলে’ এবং ১০টা ১৫ মিনিটে পরিবেশনা করবেন উলিসেস বুয়েনো।
এরপরই আসবে বিদায়ের সবচেয়ে রহস্যময় মুহূর্ত। রাত ১০টা ৩০ মিনিটের ঘরে সূচির শেষ লাইনে লেখা ‘সোরপ্রেসা’। যার অর্থ চমক। সেখানে কোনো শিল্পীর নাম নেই, নেই বিস্তারিত কোনো ঘোষণা। শুধু জানানো হয়েছে, বিদায়ী আয়োজনের শেষ মুহূর্তে থাকবে একটি ‘সারপ্রাইজ’।
আরও পড়ুন <<>> মেসির শেষ ম্যাচ দেখবেন যেভাবে
কী সে চমক, তা এখনো প্রকাশ করেনি এএফএ। ফলে মেসির বিদায়ী রাতের সবচেয়ে বড় কৌতূহল এখন এ শেষ লাইনটিকে ঘিরেই।
এদিকে মেসির বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে শুধু মনুমেন্টালেই নয়, বুয়েনস এইরেসজুড়ে চলছে বিশেষ আয়োজন। ইউনিভার্সিটি অব বুয়েনস এইরেসের সিউদাদ ইউনিভার্সিতেরি ক্যাম্পাসে দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এএফএর ‘গ্রাসিয়াস, লিও’ ফ্যান ফেস্ট। সেখানে থাকবে গান, বিনোদন, খাবার, খেলাধুলা ও বড় পর্দায় আর্জেন্টিনা-বেনিন ম্যাচ দেখার আয়োজন।
ফিফাও নিশ্চিত করেছে, বেনিনের বিপক্ষে ৭ অক্টোবরের ম্যাচটিই আর্জেন্টিনার হয়ে মেসির শেষ উপস্থিতি। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া মেসিকে দেশের মাটিতে প্রাপ্য বিদায় দেয়ার কথা জানিয়েছিলেন।
দুই দশকের বেশি সময় আর্জেন্টিনার জার্সি গায়ে কাটানো মেসির বিদায়ের রাতে তাই আয়োজনের কোনো কমতি রাখেনি দেশটি। তবে এত আয়োজনের পরও সবচেয়ে বেশি আলোচনায় এখন একটি শব্দই-‘সোরপ্রেসা’। শেষ পর্যন্ত সে ‘চমক’ কী, সেটিই হয়ে উঠেছে মেসির শেষ ম্যাচের সবচেয়ে বড় রহস্য।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































