ছবি : সংগৃহীত
ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারল না রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের স্পট-কিক ঠেকিয়ে দিলেন বেতিস গোলরক্ষক আলভারো ভায়েস—আর তাতেই ভেস্তে গেল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। শেষ পর্যন্ত আইরিশ স্ট্রাইকার ট্রয় প্যারোটের গোলে ১-০ ব্যবধানে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেল জোসে মরিনহোর শিষ্যরা।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে দারুণ সব সুযোগ নষ্ট করার পর, পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আর এই সুযোগ কাজে লাগিয়ে স্মরণীয় জয় পেল বেতিস।
এদিন ম্যাচের একাদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারে রিয়াল মাদ্রিদ। ডান দিক গোলমুখে ক্রস বাড়ান আর্দা গিলের এবং বলের লাইনে পা বাড়িয়ে দেন ডিন হাউসেন, ঝাঁপিয়ে তার প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক। তিন মিনিট পর আবার ভীতি ছড়ান গিলের।
এমবাপ্পের দারুণ পাস ডি-বক্সে পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে বল বাড়ান তুর্কি মিডফিল্ডার, দূরুহ কোণ থেকে ভিনিসিয়ুসের শট পোস্টে লাগে। ৪৩তম মিনিটে মুহূর্তের ব্যবধানে দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন এমবাপ্পে।
মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে সবার আগে ডি-বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস, তাকে বাধা দিতে সেদিকে এগিয়ে যান গোলরক্ষক, সেই মুহূর্তে ডান দিকে ছোট পাস বাড়ান ব্রাজিলিয়ান তারকা।
আরও পড়ুন : খেলাধুলায় নারীদের আরও সুযোগ দেয়ার আহবান বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের
ফাঁকায় বল পেয়ে এমবাপের নেওয়া প্রথম বেতিসের এক খেলোয়াড়ের শরীরে বাধা পায়, ফিরতি বল পেয়ে ফরাসি তারকা আরেক ডিফেন্ডারের গায়ে মারেন। বিরতির আগের বাকি সময়ে আরও দুটি দারুণ সুযোগ পায় সফরকারীরা।
প্রথমবার কর্নারে জুড বেলিংহ্যামের হেড ঠেকিয়ে দেন গোলরক্ষক, দ্বিতীয়বার কর্নারেই হাউসেনের হেড ক্রসবারে বাধা পায়। দ্বিতীয়ার্ধেও একইভাবে চাপ ধরে রাখে রেয়াল মাদ্রিদ; কিন্তু গোলের দেখা মিলছিল না। ৬৭তম মিনিটে আবারও হতাশ করেন এমবাপ্পে।
হাউসেনের থ্রু পাস ডি-বক্সে ঠিকমতো নিয়ন্ত্রণেই নিতে পারেননি তিনি, পরে কোনোমতে দুর্বল শট নিলেও তা গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি।
প্রথমার্ধে একবারও প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়াতে না পারা, ৮০ মিনিটে একবারও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারা দলটিই ৮১তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিয়েই এগিয়ে যায়।
কর্নারে মিডফিল্ডার নেলসন দেয়োসার হেড ঝাঁপিয়ে এক হাতে আটকান থিবো কোর্তোয়া, কিন্তু দলকে বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফিরতি বল গোলমুখে ফাঁকায় পেয়ে জোরাল শটে জালে পাঠান আইরিশ স্ট্রাইকার ট্রয় প্যারোট।
চার মিনিট পর আবার দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায় রিয়াল মাদ্রিদের সামনে। এবার এমবাপের চিপ শট ক্রসবারে লাগে। দুই মিনিটের মধ্যে অ্যাক্রোবেটিক ভলিতে বল জালে পাঠান খানিক আগে বদলি নামা কার্লোস এস্পি; তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচ তখন যোগ করা সময়ে, মাদ্রিদের দলটির সামনে হঠাৎ করেই হার এড়ানোর সুযোগ চলে আসে। ডি-বক্সে ভিনিসিয়ুস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু এমবাপ্পের দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন আলভারো। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে বেতিস।
চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আপাতত দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে বেতিস। তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































