Apan Desh | আপন দেশ

নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের ম্যাচ কবে?

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৭, ২৮ আগস্ট ২০২৬

নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের ম্যাচ কবে?

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ (শুক্রবার) থেকে পর্দা উঠছে নারীদের ক্রিকেটের সবচেয়ে বড় আঞ্চলিক আসর, নারী এশিয়া কাপের। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের দশম সংস্করণে এশিয়ার আটটি দল লড়বে শ্রেষ্ঠত্বের মুকুট পরার জন্য।

২০১৮ সালে কুয়ালালামপুরের মাটিতে ভারতের বিপক্ষে সে রূপকথার ফাইনাল জয়ের স্মৃতি আজও দেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে অম্লান। দীর্ঘ আট বছর পর সেই সোনালী সাফল্যের সুবাস ফিরিয়ে আনা এবং আগের আসরগুলোর আক্ষেপ ঘুচানোর বড় চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল।

এবারের আসরে বাংলাদেশ পড়েছে 'বি' গ্রুপে। এ গ্রুপে নিগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং নতুন দল ইন্দোনেশিয়া। অন্যদিকে, 'এ' গ্রুপে লড়বে পরাশক্তি ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড। 

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই গ্রুপের শীর্ষ দলগুলো জায়গা করে নেবে সেমিফাইনালে, আর ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ লড়াই। তবে মূল লড়াই শুরুর আগেই কিছুটা অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ দল। 

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

গত ২৫ আগস্ট ঊরুর চোটে পড়ে টুর্নামেন্ট ও আসন্ন এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন দলের অন্যতম ভরসার প্রতীক বাঁহাতি পেসার ফারিহা ইসলাম। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী তরুণ ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন, যিনি এখনো আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করার অপেক্ষায়।

আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে নিগাররা। এরপর গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোতে ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ে, বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। 

সাতবারের চ্যাম্পিয়ন ভারত এবং বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে নিগার সুলতানার দল ২০১৮ সালের ইতিহাস এবার পুনরাবৃত্তি করতে পারে কি না, পুরো দেশের নজর এখন সেদিকেই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়