ছবি সংগৃহীত
শুরুতে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে গল্প লিখল ডিআর কঙ্গো। উজবেকিস্তানকে রীতিমত উড়িয়ে বিশ্বকাপের নকআউট পর্বের টিকেট নিশ্চিত করেছে তারা। বাংলাদেশ সময় রোববার (২৮ জুন) সকালে আটলান্টায় বিশ্বকাপে ‘কে’ গ্রুপের ম্যাচে আফ্রিকান দলটি জিতেছে ৩-১ গোলে।
এ জয়ে ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে নতুন ইতিহাস গড়ে নকআউট পর্বে পা রেখেছে আফ্রিকান দলটি। রাউন্ড অব বত্রিশে তারা মুখোমুখি হবে গ্রুপ ‘এল’ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।
এদিন ম্যাচের শুরুতেই চমক দেখায় উজবেকিস্তান। প্রথম মিনিটেই এলদোর শামুরোদভ বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ম্যাচের ১০ মিনিটে আর কোনো ভুল করেননি এ ফরোয়ার্ড। ডিআর কঙ্গোর রক্ষণভাগের ভুলে ফায়জুল্লায়েভের বাড়িয়ে দেওয়া বল ধরে দারুণ এক চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান শামুরোদভ। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে উজবেকিস্তানের প্রথম গোল।
পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে কঙ্গো। ১৮ মিনিটে এমবুকু দূরপাল্লার শটে গোল করলেও ভিএআর রিভিউতে দেখা যায় বিল্ড-আপের সময় তিনি প্রতিপক্ষের ডিফেন্ডারকে আঘাত করেছিলেন, ফলে গোলটি বাতিল হয়। প্রথমার্ধে কঙ্গো উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে না পারায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় উজবেকিস্তান।
আরও পড়ুন<<>>কলম্বিয়ার সঙ্গে ড্র, নকআউটে ক্রোয়েশিয়াকে পেল পর্তুগাল
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চিত্র বদলে যায়। আক্রমণের ধার বাড়িয়ে উজবেক রক্ষণভাগকে কোণঠাসা করে ফেলে ডিআর কঙ্গো। ম্যাচের ৬৮ মিনিটে ডি-বক্সের ভেতর উইসাকে ফাউল করেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার খুসানভ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে কঙ্গোকে সমতায় ফেরান নিউক্যাসেল ফরোয়ার্ড ইয়োনে উইসা। সমতা ফেরার পর কঙ্গোর বদলি খেলোয়াড়রা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেন। ৭৮ মিনিটে বদলি হিসেবে আসা এলিয়ার শট রক্ষণভাগে প্রতিহত হয়ে ফিরে এলে দারুণ রিফ্লেক্সে বল জালে পাঠান আরেক বদলি স্ট্রাইকার ফিস্টন মায়েলে, যার ফলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকান দলটি।
ম্যাচের শেষ দিকে উজবেকিস্তান সমতায় ফেরার চেষ্টা করলেও তাদের আক্রমণভাগের ব্যর্থতায় আর গোল পাওয়া হয়নি। উল্টো অতিরিক্ত সময়ে (৯১ মিনিটে) নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে উজবেকিস্তানের বিদায় নিশ্চিত করেন উইসা। এলিয়ার পাস থেকে চমৎকার নিচু শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
চলমান বিশ্বকাপে এটি উইসার তৃতীয় গোল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ডিআর কঙ্গো। প্রথমার্ধে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধের অল-রাউন্ড পারফরম্যান্সে যোগ্য দল হিসেবেই নকআউট পর্বে পা রাখল কঙ্গো।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































