Apan Desh | আপন দেশ

আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫২, ৯ জুন ২০২৬

আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দায়িত্ব পাওয়া প্রথম সোমালিয়ান রেফারি হওয়ার পথে ছিলেন ওমর আরতান। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে অফিশিয়ালদের তালিকা থেকে তাকে বাদ দেয়া হয়েছে। ২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (কাফ) বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হওয়া আরতানকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন।

৩৪ বছর বয়সী আরতান আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ রেফারি। ২০১৮ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত হন। ২০২৫ সালে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। চলতি বছর একই প্রতিযোগিতার ফাইনালে তিনি রেফারিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং কর্মকর্তাদের দলের নেতৃত্বও দেন।

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এখনো আরতানকে দেশে ফেরত পাঠানোর কারণ জানায়নি। তবে সোমালিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত কয়েকটি দেশের একটি। 

যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, আরতান এবার বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারবেন না।

এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ম্যাচ কর্মকর্তা ওমর আবদুলকাদির আরতান ২০২৬ বিশ্বকাপে প্রশিক্ষণ ও ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে পারবেন না। আয়োজক দেশের অভিবাসন–সংক্রান্ত প্রক্রিয়া, ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের বিষয়ে ফিফার কোনো ভূমিকা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, আপাতত আরতানের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়, ফিফার আগের আসরগুলোর মতো এবারও কোনো ব্যক্তি ভিসা পাবেন কি না এবং তাকে দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আয়োজক দেশের সরকারের হাতেই আছে।

সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হয়নি। বৈধ ভ্রমণ নথিপত্র নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন আরতান।

কেনিয়ার নাইরোবিতে অবস্থিত সোমালি দূতাবাসের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এর আগে ভিসা–সংক্রান্ত জটিলতায় পড়ায় আরতানের যাতায়াত সহজ করতে বিশেষভাবে তার জন্য কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করা হয়েছিল।

ঘটনার ব্যাখ্যা জানতে সোমালি ফুটবল ফেডারেশন (এসএফএফ) ইতোমধ্যে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে এবং এ বিষয়ে জরুরি ব্যাখ্যা চেয়েছে।

আরতান ৫২ রেফারির একজন ছিলেন, যাদের ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দায়িত্ব পালনের জন্য বাছাই করেছিল ফিফা। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের