ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ বার্ষিক হালনাগাদে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পুরুষদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন অষ্টম স্থানে উঠে এসেছে। এতে তারা শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে।
মঙ্গলবার (০৫ মে) প্রকাশিত র্যাঙ্কিংয়ে এ চিত্র দেখা গেছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর পূর্ণ ১০০ শতাংশ পয়েন্ট গণনা করা হয়েছে। এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট ধরা হয়েছে। তবে ২০২৩ সালের মে মাসের আগের ম্যাচগুলো এ হিসাব থেকে বাদ দেয়া হয়েছে।
এ নতুন সমীকরণে শ্রীলঙ্কা ৬ রেটিং পয়েন্ট হারিয়েছে। ফলে তারা নেমে গেছে নবম স্থানে। তাদের ঠিক পরেই দশম স্থানে রয়েছে আফগানিস্তান, মাত্র ১ পয়েন্ট ব্যবধানে।
শীর্ষ র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (২৬২)। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া (২৫৮)। এরপর চতুর্থ থেকে সপ্তম স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে।
নারী ক্রিকেটেও বাংলাদেশের অগ্রগতি দেখা গেছে। রেটিং পয়েন্ট ৫ বেড়ে যাওয়ায় বাংলাদেশ নারী দল আরও শক্ত অবস্থানে পৌঁছেছে। বর্তমানে তারা দশম স্থানে রয়েছে। নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে তারা মাত্র ১ পয়েন্ট পিছিয়ে। এর আগে ১ মে প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়েও বাংলাদেশ নারী দল এক ধাপ উন্নতি করেছিল।
নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৬ দলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। অস্ট্রেলিয়া ২৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (২৭৫) এবং তৃতীয় স্থানে ভারত (২৬৪)। এরপর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে। সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে।
আরও পড়ুন <<>> আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
এবারের হালনাগাদে যুক্তরাষ্ট্র বড় অগ্রগতি দেখিয়েছে। তারা নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে ছাড়িয়ে ১৩তম স্থানে উঠে এসেছে। নেপাল, ওমানসহ কয়েকটি দলও উন্নতি করেছে। ইতালি, স্পেন, সাইপ্রাস ও ইসোয়াতিনির মতো দলগুলোর অবস্থানেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে।
অন্যদিকে পর্যাপ্ত ম্যাচ না খেলায় কিছু দল র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। পুরুষদের তালিকায় ফিজি, গাম্বিয়া, গ্রিস ও ইসরায়েল জায়গা হারিয়েছে। এতে পুরুষ দলের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৮।
এদিকে নারী র্যাঙ্কিং থেকেও কম্বোডিয়া ও পেরু বাদ পড়েছে। বর্তমানে নারী র্যাঙ্কিংয়ে মোট ৭৮টি দল রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































