Apan Desh | আপন দেশ

অস্কারে বড় পরিবর্তন

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৯, ২ মে ২০২৬

অস্কারে বড় পরিবর্তন

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিয়মে আনা হয়েছে একাধিক সংশোধন। বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে মানুষের সৃজনশীল ভূমিকায়।

এআই ব্যবহারে নতুন নীতি: অ্যাকাডেমি জানিয়েছে, এআই পুরোপুরি নিষিদ্ধ নয়। তবে সৃজনশীল কাজের কেন্দ্রে মানুষ থাকতে হবে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ক্রেমার বলেন, এআই কোনো কাজকে বাড়তি সুবিধা বা অসুবিধা দেবে না। মূল্যায়নের সময় মানুষের অবদানই বিবেচনায় থাকবে। প্রয়োজনে নির্মাতাদের কাছে এআই ব্যবহারের বিস্তারিত তথ্যও চাওয়া হতে পারে।

অ্যাকাডেমির সভাপতি লিনেট হাওয়েল টেইলর জানান, চিত্রনাট্যের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করা হয়েছে। সম্পূর্ণভাবে মানুষের লেখা না হলে তা মনোনয়নের জন্য বিবেচিত হবে না।

আন্তর্জাতিক চলচ্চিত্রে বড় পরিবর্তন: দীর্ঘদিনের সমালোচনার পর আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বড় সংস্কার আনা হয়েছে। এখন থেকে কোনো দেশের আনুষ্ঠানিক মনোনয়ন ছাড়াই বড় উৎসবে পুরস্কার পাওয়া চলচ্চিত্র সরাসরি অস্কারের জন্য বিবেচিত হবে।

উদাহরণ হিসেবে জাফর পানাহির চলচ্চিত্র It Was Just an Accident-এর কথা বলা যায়, যা আগে সুযোগ না পেলেও নতুন নিয়মে বিবেচিত হতে পারে। এছাড়া এখন থেকে পুরস্কার দেয়া হবে চলচ্চিত্র ও নির্মাতাকে, কোনো দেশকে নয়।

অভিনয় বিভাগে নতুন সুযোগ: অভিনয় বিভাগেও বড় পরিবর্তন এসেছে। এখন থেকে একজন অভিনেতা একই ক্যাটাগরিতে একাধিক কাজের জন্য মনোনয়ন পেতে পারবেন।

আরও পড়ুন <<> চলচ্চিত্র-সাহিত্যে অনন্য এক কিংবদন্তি সত্যজিৎ রায়

উদাহরণ হিসেবে ধরা যায় মাইকেল বি. জর্ডানকে। তিনি এক বছরে একাধিক ছবিতে সেরা অভিনয় করলে প্রতিটি কাজের জন্য আলাদা মনোনয়ন পেতে পারেন।

এ ধরনের দৃষ্টান্ত আগে অন্যান্য বিভাগে দেখা গেছে। যেমন, স্টিভেন সোডারবার্গ ৭৩তম অস্কারে ‘Traffic’ ও Erin Brockovich-এর জন্য সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছিলেন এবং প্রথমটির জন্য পুরস্কার জিতেছিলেন।

গানের ক্ষেত্রে নতুন শর্ত: মৌলিক গানের ক্ষেত্রেও নতুন নিয়ম যুক্ত হয়েছে। কোনো গান যদি চলচ্চিত্রের শেষে ব্যবহৃত হয়, তবে সেটি শেষ দৃশ্যের অন্তত ১৫ সেকেন্ড আগে শুরু হতে হবে।

অন্যদিকে, সিনেমার বিভিন্ন অংশে কোনো গানের অংশ ব্যবহৃত হলে সেটিও গ্রহণযোগ্য হবে। তবে পুরো গান যদি শুধুই শেষে শুরু হয়, তাহলে তা অস্কারের জন্য বিবেচিত হবে না।

এ পরিবর্তনগুলোতে স্পষ্ট হয়েছে, প্রযুক্তির অগ্রগতির মাঝেও সৃজনশীলতার কেন্দ্রে মানুষকেই রাখতে চায় অস্কার কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়