Apan Desh | আপন দেশ

সাকিবের দেশে ফেরার ঘোষণা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০২, ১ মে ২০২৬

সাকিবের দেশে ফেরার ঘোষণা

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর অবশেষে দেশে ফেরার সময়সীমা নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ সব সমস্যা সমাধান করে বাংলাদেশে ফিরতে চান।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব। মাগুরা-২ আসনের সংসদ সদস্য থাকায় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক আইনি জটিলতা তৈরি হয়। এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম ২০২৬’ লিগের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন সাকিব। সেখানে ‘স্পোর্টস্টার’-কে দেয়া সাক্ষাৎকারে দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাকিব বলেন, বছরের শেষ দিকে সমস্যার সমাধান হতে পারে। তিনি বাংলাদেশে ফেরার ব্যাপারে আশাবাদী। কবে ফিরবেন তা নিশ্চিত না হলেও দ্রুতই ফিরতে চান বলে জানান।

এর আগে গত জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে ফেরানোর উদ্যোগ নেয়। তার আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র নিয়ে বিষয়টি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়। তখন আলোচনা ওঠে, মার্চে পাকিস্তান সিরিজ দিয়েই তিনি জাতীয় দলে ফিরতে পারেন। তবে তা বাস্তবায়ন হয়নি।

সাকিব বলেন, আগের বোর্ড তাকে ফেরানোর ইচ্ছা দেখালেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। মুখের কথা ও বাস্তব পদক্ষেপের মধ্যে পার্থক্যের কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন <<>> কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব

এদিকে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিবের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, শুধু সাকিব নয়, মাশরাফি বিন মুর্তজা ও নাঈমুর রহমান দুর্জয়ের বিষয়েও ভাবা উচিত।

তামিম জানান, ক্রিকেট সংক্রান্ত যেকোনো সুযোগ-সুবিধার জন্য বোর্ডের দরজা সাকিবের জন্য খোলা। তবে আইনি বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখছে। সমস্যা সমাধান হলে তাকে স্বাগত জানানো হবে।

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ ২০২৪ সালের অক্টোবরে খেলেছেন সাকিব। কানপুরে ভারতের বিপক্ষে টেস্টের পর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। তিনি আগেই জানিয়েছেন, দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান।

সাকিবের এ ঘোষণায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন ক্রিকেট ভক্তরা। এখন দেখার বিষয়, বছরের শেষ নাগাদ তিনি দেশে ফিরতে পারেন কি না এবং মিরপুরে আবারও মাঠে নামতে পারেন কি না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়