Apan Desh | আপন দেশ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪১, ২৪ এপ্রিল ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ

ছবি : আপন দেশ

রাজধানীর শাহবাগ থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদল।

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নিজের ফেসবুক পোস্টে এ দুঃখপ্রকাশ করেন।

ফেসবুকে নাসির লিখেছেন, ‘বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্টিকৃত মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল অসামান্য। আমরা আশা করছি, ভবিষ্যতে আর কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হয়।’

আরও পড়ুন : শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এর আগে বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় সংবাদ সংগ্রহের সময় ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া যায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি মানজুর হোছাঈন মাহি, সাধারণ সম্পাদক ও স্টার নিউজের প্রতিনিধি লিটন ইসলাম, ডেইলি অবজারভারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাইমুর রহমান ইমন, দেশ রূপান্তরের খালিদ হাসান, ঢাকা ট্রিবিউনের সামশুদ্দৌজা নবাব, ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, নয়া দিগন্তের হারুন ইসলাম, রাইজিংবিডির সৌরভ ইসলাম, মানবজমিনের আসাদুজ্জামান খানসহ ১০ জন সাংবাদিক আহত হন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়