Apan Desh | আপন দেশ

বিএনপির কাউন্সিল শিগগিরই: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২০, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১০:২০, ৫ এপ্রিল ২০২৬

বিএনপির কাউন্সিল শিগগিরই: মির্জা ফখরুল 

ছবি : আপন দেশ

দ্রুততম সময়ের মধ্যে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (০৪ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এমনটা জানান তিনি। 

রাত সাড়ে ৮টার দিকে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এরপর প্রায় ৩ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে রাত ১১টার দিকে সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুল জানান, বৈঠকে সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিএনপি সরকার গঠনের পর সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বিএনপি মহাসচিব জানান, দলকে সুসংগঠিত করতে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল আয়োজনের বিষয়ে স্থায়ী কমিটি একমত হয়েছে। তবে প্রস্তুতির জন্য কয়েক মাস সময় প্রয়োজন হওয়ায় পবিত্র ঈদুল আজহার আগে কাউন্সিল করা সম্ভব হচ্ছে না। 

আরও পড়ুন<<>>‘ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহবান’

তিনি বলেন, দৈনন্দিন কার্যক্রম চালু রাখার পাশাপাশি দলকে সক্রিয় রাখতে এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ নেয়া হয়েছে।

বৈঠকে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি, বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাবসহ সার্বিক জননিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সরকারের গত ৪৭ দিনের কর্মকাণ্ড ও গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়। তবে সংরক্ষিত নারী আসন নিয়ে এ বৈঠকে কোনও আলোচনা হয়নি বলে জানান বিএনপি মহাসচিব। 

বৈঠকে উপস্থিত ছিলেন— স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। তবে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়