Apan Desh | আপন দেশ

আব্বাসের মতো রবিউলের চাঁদাবাজির রাজত্বও খানখান হবে: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আব্বাসের মতো রবিউলের চাঁদাবাজির রাজত্বও খানখান হবে: নাসীরুদ্দীন

ছবি: আপন দেশ

মির্জা আব্বাসের চাঁদাবাজির সাম্রাজ্য যেভাবে ভেঙে দেয়া হয়েছে, রবিউল আলমের রাজত্বও সেভাবেই গুঁড়িয়ে দেয়া হবে। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনের নেভিগলিতে আয়োজিত এক ইফতার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজিকে ‘আপস’ বলার সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান সরকারের একজন মন্ত্রী দুর্নীতি ও চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বা ‘আপস’ হিসেবে নতুন নাম দিয়েছেন। এ মন্ত্রী বাংলাদেশে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা হালাল করার চেষ্টা চালাচ্ছেন। যার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, তাকে কীভাবে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়?

তিনি আরও বলেন, এ রবিউল আলম নতুন করে মির্জা আব্বাসের সাম্রাজ্যের দায়িত্ব নিতে চাইছেন। কিন্তু আমরা তা হতে দেব না। মির্জা আব্বাসের সাম্রাজ্যকে আমরা যেভাবে খানখান করেছি, রবিউল আলমের সন্ত্রাস ও খুনের রাজত্বও ইনশাআল্লাহ গুঁড়িয়ে দেয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে পাটওয়ারী বলেন, তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে চাঁদাবাজদের পুনর্বাসন করার একটি আভাস আমরা পাচ্ছি। আমি তাকে অনুরোধ করব, আপনার পরিকল্পনায় কোনো চাঁদাবাজকে রাখবেন না। যদি তাদের জায়গা দেন, তবে গত শাসনের নেতাদের যে পরিণতি হয়েছে, আপনাদেরও সে একই পরিণতি ভোগ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শহীদ হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যখন আমরা মাঠে নেমেছিলাম, তখন বলা হয়েছিল আমরা নির্বাচন বানচাল করতে চাই। এখন তো নির্বাচন শেষ হয়েছে, সরকার গঠন হয়েছে। কিন্তু হাদি হত্যার বিচারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনি আমাদের আন্দোলন দেখেছেন। এখন দ্রুত এ বিচার প্রক্রিয়ার উদ্যোগ নিন। শহীদ হাদি হত্যাকাণ্ডের বিষয়ে আমরা সরকারের কাছ থেকে ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্যের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য ও পদক্ষেপ চাই।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়