Apan Desh | আপন দেশ

৩০ আসনের ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে ১১ দলীয় ঐক্য

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

৩০ আসনের ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে ১১ দলীয় ঐক্য

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি ও ফলাফল শিটে অনিয়মের অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্য। এসব আসনে ভোট পুনঃগণনার দাবিতে জোটের নেতারা  রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হয়েছেন।

বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছান জোটের শীর্ষ নেতারা। তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি ও অভিযোগপত্র জমা দেন। জোটের দাবি, সংশ্লিষ্ট আসনগুলোতে ভোটের ফলাফল ম্যানিপুলেট করা হয়েছে।

এ বিষয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতি, ভোটারদের বাধা প্রদান, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো অনিয়ম হয়েছে। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করা হয়েছিল বলেও জানান তিনি।

জুবায়ের আরও বলেন, কিছু আসনে ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হয়েছে, আবার কোথাও খুব দ্রুত ফল ঘোষণা করা হয়েছে—যা পক্ষপাতদুষ্ট আচরণের আশঙ্কা তৈরি করেছে। যেসব আসনে আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ রয়েছে, সেসব আসনে পুনঃগণনার আবেদন করা হবে বলে তিনি জানান। পাশাপাশি সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেয়ার কথাও উল্লেখ করেন।

যে ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ 

পঞ্চগড়-১ (সারজিস আলম), ঠাকুরগাঁও-২ (মো. আব্দুল হাকিম), দিনাজপুর-৩ (মো. মাইনুল আলম), দিনাজপুর-৫ (মো. আব্দুল আহাদ), লালমনিরহাট-১ (আনোয়ারুল ইসলাম রাজু), লালমনিরহাট-২ (মো. ফিরোজ হায়দার), গাইবান্ধা-৪ (মো. আব্দুল রহিম সরকার), বগুড়া-৩ (নূর মোহাম্মদ), সিরাজগঞ্জ-১ (মো. শাহিনুর আলম), যশোর-৩ (মো. আব্দুল কাদের), খুলনা-৩ (মোহাম্মদ মাহফুজুর রহমান), খুলনা-৫ (জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার), বরগুনা-১, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১ (মো. তাজুল ইসলাম), ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৮ (নাসীরুদ্দীন পাটওয়ারী), ঢাকা-১০, ঢাকা-১৩ (মামুনুল হক), ঢাকা-১৭, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪, কক্সবাজার-৪।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়