Apan Desh | আপন দেশ

ভারতের কাছে হাসিনার প্রত্যাবর্তন চাইবে বিএনপি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ভারতের কাছে হাসিনার প্রত্যাবর্তন চাইবে বিএনপি: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ।

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের অনুরোধ জানাবে বিএনপি। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিজয়ী সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, আমরা আইন অনুযায়ী তার (হাসিনা) প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) দাবি জানাব। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাব, তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়।

তিনি বলেন, বাংলাদেশের বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠু-নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছিল।

সালাহউদ্দিন বলেন, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে। এ দেশের সব রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার ও সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে, যেটা আমাদের ৩১ দফার উদ্দেশ্য ছিল, তার ভিত্তিতে আমরা আমাদের ইশতেহার প্রণয়ন করেছি।

তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ’ একটি রাজনৈতিক সমঝোতার দলিল। তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে। জন-আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী, এ দেশকে মেধানির্ভর, প্রযুক্তিনির্ভর ও জ্ঞাননির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য দেশবাসীর সহযোগিতা চাই।

সালাহউদ্দিন বলেন, আমরা আশা করছি শুক্রবার বিকালের মধ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ফল ঘোষণা করবে ও তারপর থেকে ক্ষণ গণনা শুরু হবে। সংসদ সদস্যদের শপথ নেয়ার বিষয়টি সাংবিধানিকভাবেই হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়