আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আগে এক গ্রুপ চাঁদা নিয়েছে, এখন তিন থেকে চার গ্রুপকে চাঁদা দিতে হচ্ছে। অনেক জায়গায় তারা বলছে, ১২ তারিখ পর্যন্ত চাঁদা নেয়া যাবে না। কিন্তু ১২ তারিখের পরে চাঁদাবাজি করা যাবে। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর, মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, এমন শক্তি যারা বিগত সময়ে মানুষকে চাঁদাবাজি, সন্ত্রাসী, গুম-খুনের মধ্যে দিয়ে এসেছে, যদি এমন শক্তি ক্ষমতায় আসে তাহলে তিন-চার গুণ নয়, আট-দশ গুণ চাঁদা নিতে আসবে। সুতরাং আপনাদের অবশ্যই ১২ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটকে বিজয়ী করতে হবে।
এ সময় তিনি আরও বলেন, এ আসনে জামায়াতে ইসলামীর মার্কা, এনসিপির মার্কা, খেলাফত মজলিসের মার্কা, ন্যায় ও ইনসাফের মার্কা শাপলা কলিকে বিজয়ী করে নিয়ে আসতে হবে।
জনসভায় উপস্থিত ছিলেন, পিরোজপুর-৩ আসনে শাপলা কলির প্রার্থী ড. শামীম হামিদী, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মোহাম্মদ আব্দুল জলিল শরীফ, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, পিরোজপুর-২ আসনের প্রার্থী আলহাজ শামীম বিন সাঈদী, এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্তসহ অনেকে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































