ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিককে (সুজন) ‘ভুয়া’ দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এরা বিএনপির দোসর। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের বিজয় র্যালি উদ্বোধন করতে গিয়ে দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা আজ মিছিলের শহর। ঢাকা আজ নৌকার শহর। এখন সবখানে নৌকার মিছিল। সারা বাংলাদেশে এখন নৌকার মিছিল। খেলা হবে। ফাইনাল খেলা ৭ জানুয়ারি। বিএনপির ১ দফা ভুয়া, ২৮ দফা ভুয়া। যারা বলে ২৭ দল নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না তারা ভুয়া। টিআইবি ভুয়া। সুজন ভুয়া। এরা বিএনপির দোসর।
তিনি বলেন, বিএনপি ২৮ অক্টোবর লালকার্ড খেয়ে বিদায় নিয়েছে। নেতা নেই বিএনপির, আন্দোলন করবে কাকে দিয়ে? খেলা হবে, ১৮৯৬ জন প্রার্থী খেলবেন। খেলার মাঠ বাংলাদেশ। খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। বিএনপির জেলে আছে ১১ হাজার। জামিন পেলো ২ হাজার। ২১ হাজার নেতাকর্মী জেলে তাদের এ দাবি ভুয়া। তারেক জিয়ার জেলে যেতে ভয়, এমন ভীতু নেতার কথায় আন্দোলন হবে না। এরা ভুয়া।
সেতুমন্ত্রী আরও বলেন, দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ। ভোটারদের ভোটকেন্দ্রে আসতে যারা বাধা দেবে তাদের প্রতিহত করতে হবে। সামনে শুভ দিন আসছে, ভালো দিন আসছে। নৌকায় ভোট দিলে দুর্দিন কেটে যাবে। যারা বলে নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার আসবে না তাদের বলি- ৭ তারিখে নারীদের লাইন লম্বা থাকবে, পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি বেশি হবে।
বক্তব্য শেষে বিজয় র্যালি উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে দুপুর পৌনে ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিজয় র্যালির আয়োজন। এ সময় বিজয় র্যালির মঞ্চে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা। মহান বিজয় দিবস উপলক্ষে এ র্যালির আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে দলটির কেন্দ্রীয় কমিটির নেতারাও উপস্থিত হন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































