ছবি সংগৃহীত
রাজধানীর মিরপুর-১০ ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন আবার চালু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশন দুটিতে ট্রেন থামা এবং যাত্রী ওঠানামা শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার (০৩ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ ও মিরপুর-১১ স্টেশনে ট্রেন থামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় স্টেশন দুটির সব প্রবেশপথ বন্ধ রাখা হয়। ফলে কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারেননি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেল পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্টেশন দুটি সাময়িক বন্ধ রাখার পরামর্শ দিয়েছিল। তবে এ সময় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
বেতন বাড়ানোর দাবিতে সকালে পোশাকশ্রমিকেরা আবারও মিরপুরের সড়কে অবস্থান নেন। সকাল ১০টার কিছু পর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
একপর্যায়ে আন্দোলনকারীরা মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত কাঠ ও বাঁশে আগুন ধরিয়ে দেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ থামে।
এর আগে গত রোববারও আন্দোলনের সময় নিরাপত্তার কারণে কাজীপাড়া, মিরপুর-১০ ও পল্লবী মেট্রোরেল স্টেশনে দুই ঘণ্টার বেশি সময় ট্রেন বন্ধ রাখা হয়েছিল। ডিএমটিসিএল এ ধরনের ব্যবস্থাকে ‘স্টেশন স্কিপ’বলে। এতে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকে, তবে নির্দিষ্ট স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ রাখা হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































