ছবি: আপন দেশ
রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। বন্ধ কারখানা শিগগিরই খুলে দেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ইতোমধ্যেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক এবং শ্রমিকপক্ষ সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শ্রমিকদের মান উন্নয়নে সরকার কাজ করছে। এখানে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।
রাজনৈতিক স্বার্থে দেশের পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টি কিংবা উৎপাদন বন্ধের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার অনেক ক্ষেত্রেই শ্রমিকদের প্রকৃত দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্ক নেই। কোনো কোনো মহল রাজনৈতিক হীন স্বার্থে কারখানার উৎপাদন বন্ধ রাখতে উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে। পাশাপাশি দুষ্কৃতিকারীরা হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন <> আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী
মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির ভিত্তিতে মজুরি নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে।
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় মাথায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহবান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা বোর্ডেই হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কোনো মহল রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































