Apan Desh | আপন দেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২২, ৫ নভেম্বর ২০২৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনকে আটক করেছে র‌্যাব

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাব সদর দফতরে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিএনপির দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হওয়ার আগে রোববার (৫ নভেম্বর) ভোরে টঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি করা হয়েছে আলতাফ হোসেনকে।

আলতাফ চৌধুরীকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে দেশের রাজনীতি থেকে সরিয়ে দেয়ার জন্য সরকার রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। তারা বেছে বেছে জনপ্রিয় নেতাদের গ্রেফতার করছে যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে। আর সরকার ফাঁকা মাঠে নির্বাচন করে আবারো জোর করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। কিন্তু এ স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে গভীররাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। একই সময় জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অসীমের ধানমন্ডির বাসা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তারা বাসার গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

এসময় প্রায় ঘণ্টাব্যাপী বাসার বিভিন্ন কক্ষে ব্যারিস্টার অসীমের খোঁজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার স্ত্রী-সন্তানরা এ সময় বাসায় অবস্থান করলেও ব্যারিস্টার অসীম বাসায় ছিলেন না।

এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়