Apan Desh | আপন দেশ

‘সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৪, ২১ আগস্ট ২০২৩

আপডেট: ১৭:৩৫, ২১ আগস্ট ২০২৩

‘সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে’

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দলকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

এর আগে দলটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নির্ধারণের বিষয়ে যৌথসভা হয়। সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিও তুলে ধরেন মির্জা ফখরুল।
 
তিনিব বলেন, ‘আমি আপনাদের একটি আশঙ্কার কথা বলি, এটা বলা দরকার, জাতির জানা উচিত। সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে, যাতে নির্বাচনে বিরোধী দলকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা যায়। তারা আরেকটি নির্বাচন করতে চায়, যেমন অতীতে করেছে।’

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ছাত্রদলের ৬ নেতাসহ বিএনপির মোট ১৮ জনকে গ্রেফতারের কথা জানায়। রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ওই দিন ডিবি দাবি করে, ছাত্রদলের ছয় নেতাকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা-নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা অস্ত্র সংগ্রহ করেছিলেন। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তারা অস্ত্র সংগ্রহ করেছিলেন।

সেই গ্রেফতারের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, অস্ত্রসহ তাদের আটক দেখানো হয়েছে। এগুলো (অস্ত্র) তাদের (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর) রেখে দেওয়া অস্ত্র। অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে, এগুলো করবে, গোলযোগ সৃষ্টি করবে, আর বিএনপির ওপর দোষ চাপাবে।

আগামী দুই মাসের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ খাতের একগুচ্ছ উন্নয়ন প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। সেই প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসেছে, ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা খেলাপি হয়ে গেছে। মেগা প্রকল্প, রেল প্রকল্প, ফ্লাইওভার -এগুলো কার জন্য? জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরার জন্য। ৮০ পারসেন্ট চুরি করে, ২০ পারসেন্টে কোনোরকমে কাজ করে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা: আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেছেন মির্জা ফখরুল। এর মধ্যে রয়েছে ওইদিন সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে দলের জ্যেষ্ঠ নেতাদের শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে। র‍্যালি ও আলোচনা সভার তারিখ ওস্থান পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়