ছবি: আপন দেশ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে প্রসীত খীসার নেতৃত্বাধীন পাহাড়ের সশস্ত্র গ্রুপ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) শেষ দুর্গের পতন হয়েছে। এমন তথ্যই জানিয়েছেন স্থানীয় জনগণ,গণমাধ্যমকর্মী, তাদের বিরোধী পক্ষ এবং গোয়েন্দা শাখা।
বুধবার (১১ নভেম্বর) সকালে সাপ্তাহিক হাটে সাজেকের উজোবাজার,গঙ্গারাম, মাচালং বাজারে জমজমাট হাট বসেছে। হাটগুলোতে লোকে লোকারণ্য ছিল। বহুদিন পর হাট বসায় স্থানীয় ব্যবসায়ী ও জণগনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সকাল থেকে সাজেকের সড়কগুলোতে টমটম (ব্যাটারিচালিত) চলাচল করছে। কোথাও কোন হট্টগোলের খবর পাওয়া যায়নি। ইউপিডিএফ সমর্থিত অবরোধকারীরাও সড়কে ছিলেন না। তবে এখনো আতংক কাটেনি। পুরো এলাকা স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান,সাজেকের উজোবাজার, গঙ্গারাম, মাচালং এলাকা ছিল ইউপিডিএফ’র দুর্গ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাতে সাজেক কার্বারী এসোসিয়েশন কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে ইউপিডিএফ তাদের শেষ দুর্গ হারিয়ে ফেলেছে।
স্থানীয় এবং তাদের বিপক্ষ গ্রুপের সদস্যরা জানান, বর্তমানে ইউপিডিএফ সাজেক থেকে সরে গিয়ে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি এলাকায় অবস্থান করছে। অর্থাৎ পুরো বাঘাইছড়ি উপজেলায় মাত্র একটি অংশে ইউপিডিএফ’র অবস্থান রয়েছে। কিছুদিন পর পুরো উপজেলা ইউপিডিএফ মুক্ত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা মঙ্গলবার দিনগত রাতে লিখিত বক্তব্যে সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা করেন। একই সঙ্গে সংগঠনটির সভাপতি পদ থেকে পদত্যাগ এবং কমিটি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।
আরও পড়ুন<<>>আবেদনের যোগ্যতাই নেই, বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স
বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান সড়ক অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অবরোধের কারণে বাইরের এলাকার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হচ্ছে। পাশাপাশি খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সাজেকের চলমান অবরোধ কর্মসূচির পেছনে ইউপিডিএফের উসকানি ও প্ররোচনা রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, একজন কার্বারী হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকার রক্ষা করা তার দায়িত্ব। এজন্য তিনি সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন। সেসঙ্গে সংগঠনের কমিটি বিলুপ্ত করছেন এবং অনির্দিষ্টকালের জন্য ঘোষিত সড়ক অবরোধ প্রত্যাহার করে নিচ্ছেন।
বাঘাইহাট বাজার পরিচালনাকমিটির সভাপতি ডা. নাজিম উদ্দিন বলেন, ইউপিডিএফ-পিসিজেএসএস সশস্ত্র সংগঠনের আধিপত্যর কারণে গত ২২দিন পুরো সাজেক স্থবির হয়ে পড়েছিল। দোকান-পাট বন্ধ থাকায় আমাদের কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে। অনেকদিন পর বুধবার সকাল থেকে উজোবাজারে হাট বসেছে দেখে আমাদেরও ভাল লাগছে।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সাজেকের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কোথাও অবরোধকারীদের দেখা মেলেনি। সড়কে বড় কোন যান চলাচল না করলেও টমটম চলাচল করছে। আশাকরছি কিছুদিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































