Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীর মাদ্রাসা ময়দান

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪১, ১৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীর মাদ্রাসা ময়দান

ছবি: আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে রাজশাহীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার (২০ অক্টোবর) ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেয়ার পাশাপাশি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজশাহীবাসী।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। 

তিনি বলেন, অল্প সময়ের মধ্যে সফরের প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগ কাজ করছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর। তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ সফরে উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে আখচাষিদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ বার্তা দেবেন। 

আরও পড়ুন<<>>স্ত্রীর সঙ্গে অভাবও গেল, একা শুধু সাজু শেখ

সফরটিকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের এ আগমন রাজশাহীর মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সফরে রাজশাহীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। পাশাপাশি রাজশাহী নগরীকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা নগরী ঘোষণার দাবিও রয়েছে। শিল্পমন্ত্রী ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের উপস্থিতিতে রাজশাহীর উন্নয়নসংক্রান্ত এসব দাবি তুলে ধরার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সোমবার ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী-৬ আসনের এমপি আবু সাঈদ চাঁদ।

এ ছাড়া পরিদর্শনে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক প্রস্তুতি ও জনসভাস্থলের কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়