Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় সরকারি গাছ কেটে জমি দখল, তদন্তের দাবি

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০০, ১৯ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় সরকারি গাছ কেটে জমি দখল, তদন্তের দাবি

ছবি: আপন দেশ

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া এলাকায় সরকারি রাস্তার জমি দখল করে দোকানঘর ও বাউন্ডারি প্রাচীর নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে ওই জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কাটার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

গত ১৭ অক্টোবর করা ওই আবেদনে ঘটনাস্থল হিসেবে খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া এলাকায় লতিফ হক্কানীর ইটভাটার সামনের স্থানটির কথা উল্লেখ করা হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়, সেখানে সরকারি রাস্তার জমি দখল করে দোকানঘর ও বাউন্ডারি প্রাচীর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কাটার বিষয়টিও তদন্তের আওতায় আনার অনুরোধ জানানো হয়।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের দাবি, ঘটনাস্থলে সাত থেকে আটটি বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়েছে। তবে নির্মাণকাজে নিয়োজিত মিস্ত্রি ও শ্রমিকদের ভাষ্য, বাউন্ডারি প্রাচীর নির্মাণে সমস্যা হওয়ায় একটি সজনে গাছ ও একটি আতাফল গাছ কাটা হয়েছে। 

আরও পড়ুন<<>>মেরিনড্রাইভে আড়াই শতাধিক হোটেল অবৈধ

এ বিষয়ে লতিফ হক্কানী বলেন, গাছগুলো ভেতরে রেখে বাউন্ডারি ওয়াল দিয়েছি।

আবেদনকারী সরকারি রাস্তার জমির প্রকৃত সীমানা ও মালিকানা যাচাই, দোকানঘর ও বাউন্ডারি প্রাচীর নির্মাণের বৈধতা পরীক্ষা এবং গাছ কাটার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।

আবেদনে আরও বলা হয়, তদন্তে সরকারি জমি অবৈধভাবে দখল এবং প্রযোজ্য আইন লঙ্ঘন করে গাছ কাটার অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারি জমি অবৈধ দখলে থাকার প্রমাণ পাওয়া গেলে তা দখলমুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

জনস্বার্থে সরকারি সম্পদ, পরিবেশ ও জনসাধারণের চলাচলের অধিকার রক্ষায় বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আবেদনকারী।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়