Apan Desh | আপন দেশ

ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ 

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৪২, ১৯ অক্টোবর ২০২৬

ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ 

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হতাশাজনক ড্রয়ের পর ত্রিদেশীয় সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশের সামনে। কিন্তু উল্টো প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের কাছে হেরে সিরিজে কঠিন অবস্থায় পড়েছে তারা। তবে ফাইনালে খেলার আশা এখনও শেষ হয়ে যায়নি। এ জন্য সমীকরণ মেলাতে হবে লাল সবুজ দলকে।

বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির ফল হতে পারে জিম্বাবুয়ের জয়। সোমবার (১৯ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচের ফলের ওপরই অনেকটা নির্ভর করছে শান্তদের পরবর্তী গতিপথ।

বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ হিসাব হলো, নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে যদি আফগানিস্তানকে হারায় সে ক্ষেত্রে ফাইনালে জায়গা নিশ্চিত করবে জিম্বাবুয়ে। আর বাকি একটি জায়গার জন্য লড়াই হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে। ২১ অক্টোবর শারজায় মুখোমুখি হবে দুই দল। তখন ম্যাচটি কার্যত পরিণত হবে অলিখিত সেমিফাইনালে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে তখন জিততেই হবে।

কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান জিতলে বাংলাদেশের হিসাব জটিল হয়ে উঠবে। সে পরিস্থিতিতে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি নেট রান রেটের হিসাবেও নজর রাখতে হতে পারে বাংলাদেশকে। 

আরও পড়ুন<<>>নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্বে নাহিদা আক্তারhttps://www.dailyapandesh.com/sports/news/61320

শনিবার (১৭ অক্টোবর) আবুধাবিতে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় তাওহীদ হৃদয়দের ইনিংস। বড় এ পরাজয়ে বাংলাদেশের নেট রান রেট নেমে এসেছে -১.৯৮০-এ।

তিন দলের এ প্রতিযোগিতায় ফাইনালের আগে প্রতিটি দল অন্য দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে উদ্বোধনী ম্যাচে হারের পর বাংলাদেশের সামনে ভুল করার সুযোগ খুবই কম। নেট রান রেটের বর্তমান অবস্থাও বাড়তি চাপ তৈরি করেছে। আফগানিস্তানের বিপক্ষে জিতলেও ফাইনালের পথে এগিয়ে যেতে হলে বড় ব্যবধানে জয়ের প্রয়োজন হতে পারে।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে তাদের ম্যাচের পর ফাইনালের সমীকরণ আরও পরিষ্কার হবে। সোমবার ম্যাচটা মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়