ছবি: আপন দেশ
শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী তিথিতে নারীর মধ্যে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন এ বিশ্বাসকে ধারণ করে পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পূজা হয়েছে। দেবী দুর্গার কুমারী রূপের বন্দনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজায় অংশ নেন ভক্ত ও দর্শনার্থীরা।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। রামকৃষ্ণ সেবাশ্রমে তৃতীয়বারের মতো আয়োজিত এ পূজায় এবার কুমারী দেবীর আসনে অধিষ্ঠিত হয় ছয় বছর বয়সী দিয়া তলাপাত্র। পূজার জন্য তার শাস্ত্রীয় নাম রাখা হয় উমা।
পূজার আগে শাস্ত্রীয় রীতি অনুসারে কুমারীকে স্নান করিয়ে নতুন লাল শাড়ি, গহনা, পায়ে আলতা, ফুলের মালা ও বিভিন্ন অলঙ্কারে দেবীরূপে সাজানো হয়। এরপর হাতে পদ্মফুল নিয়ে তাকে পূজার আসনে বসানো হয়। মন্ত্রোচ্চারণ ও স্তোত্রপাঠের মধ্য দিয়ে পূজারিরা দেবীর বন্দনা করেন। এ সময় পূজা দেখতে সেবাশ্রমে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
আরও পড়ুন<<>>স্ত্রীর সঙ্গে অভাবও গেল, একা শুধু সাজু শেখ
পূজা চলাকালে উপস্থিত ছিলেন পাবনা রামকৃষ্ণ সেবাশ্রমের যুগ্ম আহবায়ক মলয় চাকী ও অচিন্ত কুমার ঘোষ, সদস্য অলোক পাল, নয়ন কুমার সাহা, রতন সেন, প্রীতিশ কুমার কুণ্ডু, অরূপ কুমার সাহাসহ সেবাশ্রম পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা।
ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক চেতনার আলোকে কুমারী পূজায় নারীর মধ্যে দেবীশক্তির প্রকাশকে শ্রদ্ধা জানানো হয়। শারদীয় দুর্গোৎসবের অন্যতম এ আয়োজন ঘিরে সেবাশ্রমে ভক্তদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও ভক্তিময় পরিবেশ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































