Apan Desh | আপন দেশ

কারা অধিদফতরে ফিরছেন শামসুল হায়দার সিদ্দিকী 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:২২, ২১ আগস্ট ২০২৬

কারা অধিদফতরে ফিরছেন শামসুল হায়দার সিদ্দিকী 

ফাইল ছবি

এক-এগারোর সময় আলোচিত কারা অধিদফতরের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী আবারও নিজের পুরোনো কর্মস্থলে ফিরছেন। তবে কোন পদে তিনি যোগদান করছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এর আগে কারা অধিদফরের মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) পদে শামসুল হায়দার সিদ্দিকীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার আলোচনা সামনে এলেও, বর্তমানে তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাবটিই অগ্রাধিকার পাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

শামসুল হায়দার সিদ্দিকী যদি পরামর্শক হিসেবেও যোগদান করেন, তবে তা হবে কারা অধিদফতরের ইতিহাসে এ প্রথম কোনো পদক্ষেপ। এর আগে সেনাবাহিনী থেকে প্রেষণে এসে ডিআইজি প্রিজন্স হিসেবে কারা অধিদফতরে যোগ দেয়া প্রথম কর্মকর্তা ছিলেন তিনি।

যোগদানের বিষয়ে শুক্রবার (২১ আগস্ট) সকালে শামসুল হায়দার সিদ্দিকী বলেন, আমাকে আইজি প্রিজন্স ফোন করেছিলেন। রোববার (২৩ আগস্ট) সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আলোচনার পর আমার সঙ্গে একটি বৈঠক করবেন বলে জানিয়েছেন।

কোনো নির্দিষ্ট পদ কিংবা দায়িত্বের বিষয়ে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, আগে আলোচনা হোক, তারপর বিস্তারিত বুঝতে পারব। সরকার কোনো দায়িত্ব দিলে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।

চুক্তি চূড়ান্ত হওয়ার আগে কোনো নির্ধারিত পদের উল্লেখ করে তথ্য প্রকাশ না করার জন্য তিনি বিনীত অনুরোধ জানান।

আরও পড়ুন<<>>‘পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে, এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে’

ঐতিহ্যগতভাবে কারা অধিদফতরের মহাপরিদর্শক পদে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দেয়ার রীতি রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এ দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনকে সম্প্রতি প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। তার প্রত্যাহারের পর নতুন আইজি প্রিজন্স নিয়োগ নিয়ে বিভিন্ন পর্যায়ে জোর আলোচনা শুরু হয়।

সে আলোচনার অংশ হিসেবেই অবসরপ্রাপ্ত মেজর শামসুল হায়দার সিদ্দিকীর নাম সামনে আসে। তাকে সরাসরি আইজি প্রিজন্স পদে নিয়োগের ক্ষেত্রে প্রশাসনিক ও আইনি কাঠামো নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে পর্যালোচনাও করা হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী পর্যায়ের সূত্রগুলো বলছে, কারাগারের মতো অত্যন্ত সংবেদনশীল একটি বিভাগে একজন অভিজ্ঞ, দক্ষ ও মানবিক কর্মকর্তার পরামর্শ কাজে লাগাতে চায় সরকার। শামসুল হায়দার সিদ্দিকীর দীর্ঘ কারাপদ্ধতি ও প্রশাসনের অভিজ্ঞতা বিবেচনা করেই তাকে ফিরিয়ে আনার এ উদ্যোগ নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের আগেই শামসুল হায়দার সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এরপর তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত করার বিষয়ে প্রশাসনিক ও গোয়েন্দা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ করছেন।

মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী ওয়ান-ইলেভেনের সময় কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক আলোচনায় আসেন। ওই সময় রাজনৈতিক বন্দিদের পাশাপাশি সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা সাব-জেলে বন্দি থাকাকালীন সার্বিক কারা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে জেল কোড লঙ্ঘনের অভিযোগে তাকে ঢাকা বিভাগ থেকে বদলি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

কারা অধিদফতর থেকে অবসর নেয়ার পরও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন শামসুল হায়দার সিদ্দিকী। তিনি সরকারি বিল্ডিং ট্রেডসে যুক্ত ছিলেন। এছাড়া ২০২২ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর জেনারেল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়