Apan Desh | আপন দেশ

তথ্যের সত্যতা-সামাজিক সংহতি নিয়ে আজ ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৮, ১৮ আগস্ট ২০২৬

তথ্যের সত্যতা-সামাজিক সংহতি নিয়ে আজ ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ

ছবি : আপন দেশ

তথ্যের সত্যতা, সামাজিক সংহতি, অনলাইন প্ল্যাটফর্মের জবাবদিহি এবং বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় করণীয় নিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে। 

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ ও সংশ্লিষ্ট অংশীজনদের উদ্যোগে ‘Dialogue on Information Integrity and Social Cohesion in Bangladesh: Policy, Platform Accountability and Collective Action’ শীর্ষক এ সংলাপ হবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে।

আয়োজকদের তথ্যমতে, সকাল ৯টায় নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে সংলাপ। এতে নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ফ্যাক্টচেকার, নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী, জাতিসংঘ সংস্থা ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের প্রতিনিধিরা অংশ নেবেন। 

সংলাপের প্রেক্ষাপটে বলা হয়, বাংলাদেশে তথ্যব্যবস্থায় ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, কনফার্মেশন বায়াস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর কারসাজি জনআস্থা ও সামাজিক সংহতির জন্য ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করছে। অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহারকারীর পূর্বধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট বারবার সামনে আসায় ‘ইকো চেম্বার’ তৈরি হচ্ছে, যা মূলধারার গণমাধ্যম ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি আস্থাকে দুর্বল করছে। 

ইউএনডিপি বাংলাদেশের ২০২৬ সালের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের অভ্যন্তরীণ বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে আয়োজকেরা জানান, বিশ্লেষণ করা অনলাইন কনটেন্টের অর্ধেকের বেশি ছিল মিথ্যা বা বিভ্রান্তিকর। এর মধ্যে এক-পঞ্চমাংশের বেশি কনটেন্টে এআই-নির্মিত বা কারসাজি করা মিডিয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে প্রার্থীদের চরিত্রহননে সম্পাদিত ভিডিও, মনগড়া উদ্ধৃতি, বিকৃত মন্তব্য এবং পুরোনো বা ভিন্ন ঘটনার ছবি-ভিডিও নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচারের মতো কৌশল ব্যবহারের কথা উঠে এসেছে।

আয়োজকদের মতে, এ ধরনের প্রচারণা শুধু অনলাইন পরিসরেই সীমাবদ্ধ থাকছে না; বরং এর প্রভাব সমাজের পারস্পরিক সম্পর্ক, জনমত এবং সামাজিক সংহতির ওপরও পড়ছে। ফলে প্রযুক্তিগত সমাধানের পাশাপাশি আচরণগত ও সামাজিক পরিবর্তন, গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন।

দিনব্যাপী সংলাপে তিনটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে তথ্যের সত্যতা নিশ্চিত করতে নীতি ও প্রাতিষ্ঠানিক কাঠামো, নিয়ন্ত্রক ব্যবস্থা এবং প্ল্যাটফর্ম জবাবদিহি নিয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। 

আলোচনায় অংশ নেবেন জাতীয় সাইবার নিরাপত্তা অ্যাজেন্সির মহাপরিচালক ড. মো. তাইবুর রহমান, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ, মেটার বাংলাদেশবিষয়ক পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ-উল-বারী।

দ্বিতীয় অধিবেশনে অনলাইন নিরাপত্তা, বিভ্রান্তিকর তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে সংঘটিত ক্ষতি, বিশেষ করে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফ‌জি‌বি‌ভি) মোকাবিলার বিষয়টি গুরুত্ব পাবে। তৃতীয় অধিবেশনে সামাজিক সংহতি ও বর্ণনাগত স্থিতিস্থাপকতা বা ‘ন্যারেটিভ রেজিলিয়েন্স’ গড়ে তুলতে বিভিন্ন পক্ষের সম্মিলিত উদ্যোগ নিয়ে আলোচনা হবে। 

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস ও জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ/ডেপুটি অ্যাম্বাসেডর আনজা কার্স্টেন বক্তব্য দেবেন। 

উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনমের।

এ ছাড়া তৃতীয় কর্ম অধিবেশনে বিশেষ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদুর রহমান। 

সমাপনী পর্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারের পক্ষ থেকে ভবিষ্যৎ করণীয় ও পথনকশা তুলে ধরবেন।

সংলাপের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে নীতিগত অগ্রাধিকার, প্ল্যাটফর্মের জবাবদিহি এবং অংশীজনদের মধ্যে সমন্বিত উদ্যোগের সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করা হবে। দিনব্যাপী আলোচনার ভিত্তিতে একটি সংক্ষিপ্ত নীতিপত্র তৈরির পরিকল্পনা রয়েছে। এতে ভবিষ্যৎ নীতিনির্ধারণ ও অ্যাডভোকেসির জন্য কৌশলগত সুপারিশ এবং সরকার, নীতিনির্ধারক ও নাগরিক সমাজের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র তুলে ধরা হবে।

আপন দেশ/মিম/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়