ছবি : আপন দেশ
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে এক হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।
জব্দ করা এসব পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
সংশ্লিষ্টদের দাবি, সাম্প্রতিক সময়ে শাহ আমানত বিমানবন্দরে এটি সিগারেটের সবচেয়ে বড় চালান।
সিআইআইডির মহাপরিচালকের কাছে আসা গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৭ আগস্ট) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
সিআইআইডি সূত্র জানায়, সকাল ৮টা ১৮ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রী ও ব্যাগেজের ওপর বিশেষ নজরদারি শুরু করা হয়।
অভিযানে যাত্রী মো. মইনুল আবদিনের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টনসহ মোট ২৬৪ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।
অন্য যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টনসহ মোট ২৪৬ কার্টন সিগারেট এবং চারটি আইফোন পাওয়া যায়।
এ ছাড়া নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও ইজি ব্র্যান্ডের সাত কার্টনসহ মোট ২৭২ কার্টন সিগারেট এবং পাঁচটি আইফোন জব্দ করা হয়।
অভিযানের সময় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ পাওয়া যায়। ওই ব্যাগেজ তল্লাশি করে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
সিআইআইডি জানায়, তিন যাত্রীর কাছ থেকে পাওয়া ৭৮২ কার্টন এবং মালিকানাবিহীন ব্যাগেজের ১ হাজার ২০ কার্টনসহ মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে।
এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। এর ওপর ৬২১ শতাংশ টিটিআই (মোট করভার) হিসাবে প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা।
অন্যদিকে, ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা। এগুলোর ওপর ৫৮ শতাংশ টিটিআই হিসাবে প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।
সব মিলিয়ে সিগারেট ও মোবাইল ফোনের শুল্ক-করসহ মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান
একই ফ্লাইটের একাধিক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন এবং একই ফ্লাইটের মালিকানাবিহীন ব্যাগেজ থেকে আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট উদ্ধারের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিআইআইডির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে একযোগে সবচেয়ে বড় সিগারেটের চালান জব্দের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন : ‘নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে’
চোরাচালান প্রতিরোধ, রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে অবৈধ পণ্য আনার অপচেষ্টা ঠেকাতে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপন দেশ/মিম/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































