চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম
দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানান তিনি।
রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে শেখ হাসিনার আত্মসমর্পণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রসিকিউটর বলেন, অভ্যুত্থানের পর থেকে ভারতে নির্বাসিত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার হয়েই কারাগারে যেতে হবে। ব্যক্তিগতভাবে আসার কোন সুযোগ নেই।
তিনি বলেন, শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে নির্বাসনে আছেন। ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনে থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেফতার হয়েই আসতে হবে। আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে।
আরও পড়ুন<<>>চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা
মামলার অগ্রগতি সম্পর্কে চিফ প্রসিকিউটর জানান, ২০১৩ সালের ০৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়েছে। আগামী ২১ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনাসহ ট্রাইব্যুনালে চলমান প্রধান ১০টি মামলার তদন্তও শেষ পর্যায়ে। এসব মামলার তদন্ত প্রতিবেদন খুব শিগগিরই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান মোহাম্মদ আমিনুল ইসলাম।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরা এবং আত্মসমর্পণ—উভয় ক্ষেত্রেই আইনি ও কূটনৈতিক জটিলতা রয়েছে। দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত।
উল্লেখ্য, গত ০৯ জুলাই রাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেয়া প্রায় ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। এ সময় আগামী ডিসেম্বরেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা জানান তিনি।
শেখ হাসিনা শুধু একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে আশা প্রকাশ করেন সাবেক এ প্রধানমন্ত্রী।
২০২৪ সালের ০৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছাড়ার পর প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমের লিখিত প্রশ্নের উত্তর দিলেও টেলিফোনে বা সরাসরি সাক্ষাৎকার দেননি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































