ফাইল ছবি, আপন দেশ
জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় পদোন্নতি দিয়েছে সরকার। একসঙ্গে ১৭২ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। পদোন্নতির পর তাদের জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
আদেশে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দফতর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দফতরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন।
পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা অনলাইনে ইমেইল ঠিকানায় (sal @mopa.gov.bd) দাখিল করতে পারবেন।
এর আগে সকালে পদোন্নতির সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর পদোন্নতি দেয়া হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪ ও ২৫তম ব্যাচের বাদ পড়া কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতি দেয়া হচ্ছে।
আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা
২৪তম ব্যাচের প্রায় ১৯০ জনেরও বেশি কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের পরবর্তী ধাপে (অতিরিক্ত সচিব) পদোন্নতির বিষয়টিও পর্যালোচনার অধীনে রয়েছে।
এরও আগে ২৪ ব্যাচের ৮০ জনকে পদোন্নতি দেয়া হয়। আর ১৩৮ জন বাকি ছিলেন। পদোন্নতির জন্য বিবেচনায় নেয়া হয় ১৯০ জনকে (প্রশাসনসহ অন্যান্য ক্যাডার)।
আর ২৫তম ব্যাচের মোট ১৭০ জনের মধ্যে ৮০ জনকে বিবেচনায় নেয়া হয়। বাকিদের পরবর্তীতে পদোন্নতি দেয়া হবে।
২৫তম ব্যাচের কর্মকর্তারা ইতোমধ্যেই ৮০ জন উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাদের অনেকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তবে দুই ব্যাচে যেসব কর্মকর্তা মামলা সংক্রান্ত জটিলতায় আছেন তাদের পদোন্নতি বিবেচনায় নেয়া হচ্ছে না।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































