প্রতিমন্ত্রী মীর শাহে আলম
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিক গ্রেফতারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে। এ সময় তিনি গ্রেফতার হওয়া সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন বলে জানান।
শুক্রবার (১৯ জুন) প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে তার নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ না নেন। কারণ, এসব বিষয়ে তার কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।
আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতির চেষ্টা চলছে
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের চারজনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত।
একই সঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মামলার বাদীও একজন সাংবাদিক এবং তিন বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ। তাই এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের মধ্যে কোনো ধরনের ভুল-বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি হওয়া উচিত নয়। এ বিষয়ে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেয়ার আহবান জানান তিনি।
পাশাপাশি, প্রতিমন্ত্রী তার সম্পর্কে প্রচারিত বিভিন্ন তথ্য নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক অনুরোধ জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































