ফাইল ছবি
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (০৬ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন সাতক্ষীরার দুই প্রবাসী বাংলাদেশি শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ।
রোববার (০৭ জুন) রাত ২টা ৩০ মিনিটে তাদের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ইতোমধ্যে মরদেহ বহনকারী বিমান বৈরুত বিমানবন্দর ত্যাগ করেছে। এর আগে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে মরদেহ দুটি সংরক্ষণ করা হয়েছিল।
আরও পড়ুন <<>> পুশইন ঠেকাতে এবার আনসার-ভিডিপি মোতায়েন
লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে প্রত্যয়নকৃত পুলিশ প্রতিবেদন সংগ্রহ, মরদেহ পাঠানোর অনুমতিপত্র গ্রহণসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষ করা হয়েছে।
দূতাবাসের তত্ত্বাবধানে দুই প্রবাসীর গোসল ও কাফনের কাজও সম্পন্ন হয়েছে।
এছাড়া মরদেহ গ্রহণ ও স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ দূতাবাস।
প্রবাসজীবনের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা এ দুই রেমিট্যান্সযোদ্ধার মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































