Apan Desh | আপন দেশ

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:০৩, ২ জুন ২০২৬

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (০২ জুন) রাতে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় তারেক রহমান বলেন, খলিলুর রহমানের এ অর্জন বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদাকে আরও সুদৃঢ় করবে।

তিনি বলেন, খলিলুর রহমান তার নতুন দায়িত্বে গৌরব ও মর্যাদার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে সরকার আশাবাদী।

তিনি আরও বলেন, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার, আন্তর্জাতিক সংলাপ সম্প্রসারণ এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বার্তায় খলিলুর রহমানের নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্যও কামনা করেন প্রধানমন্ত্রী।

এর আগে সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান।

সদস্য রাষ্ট্রগুলোর ১৯০টি ভোটের মধ্যে তিনি ৯৯টি ভোট পান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আন্দ্রেজ কাকাউরিস পান ৯১টি ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী।

আরও পড়ুন <<>> জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ

নির্বাচিত হওয়ার মাধ্যমে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান।

আগামী ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। আর ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়