Apan Desh | আপন দেশ

বিশ্ব কূটনীতিতে বাংলাদেশের নতুন মাইলফলক

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:৩৭, ২ জুন ২০২৬

আপডেট: ২২:৩৭, ২ জুন ২০২৬

বিশ্ব কূটনীতিতে বাংলাদেশের নতুন মাইলফলক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত ভোটে তিনি সাইপ্রাসের প্রার্থী অ্যাম্বাসেডর আন্দ্রেয়াস এস. কাকৌরিসকে পরাজিত করে বিজয় অর্জন করেন। ভোটে ড. খলিলুর রহমান ৯৯ ভোট লাভ করেন, অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী পান ৯১ ভোট।

এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ লাভ করল। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী এ দায়িত্ব পালন করেছিলেন।

ড. খলিলুর রহমান আগামী এক বছর বিশ্বের সর্ববৃহৎ বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন। তার এ বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতার এক উজ্জ্বল স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন<> জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ

সরকারি ও কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ড. খলিলুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য এনে দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানই ড. খলিলুর রহমানকে এ মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন।

ড. খলিলুর রহমানের এ অর্জনে দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে। বাংলাদেশ আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন এক সম্মানজনক অবস্থান অর্জন করল।

জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর হমান আগামী বৃহস্পতিবার (০৪ জুন) সকালে দেশে ফিরবেন বলে জানান বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়