Apan Desh | আপন দেশ

ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন জেলেনস্কি

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৮, ২ জুন ২০২৬

ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন জেলেনস্কি

ছবি : সংগৃহীত

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৮ জন নিহত। এছাড়াও আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। এ হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (০২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি বার্তা দেন।

বার্তায় জেলেনস্কি লিখেছেন, এটি একটি বড় ধরনের হামলা এবং রাশিয়ার সম্পূর্ণ স্বচ্ছ ঘোষণা। ইউক্রেনকে যদি ব্যালিস্টিক ও অন্যান্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষা দেয়া না হয়, তাহলে এসব হামলা চলতেই থাকবে। ইউরোপের নিজস্ব অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রয়োজন। আর প্যাট্রিয়টের মতো ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের সহায়তা অবশ্যই দরকার।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর দেশটিতে ৭৩টি ক্ষেপণাস্ত্র এবং ৬৫৬টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। এর মধ্যে আটটি ছিল দ্রুতগতির জিরকন ক্ষেপণাস্ত্র।

হামলার প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। এছাড়া মধ্যাঞ্চলের ডিনিপ্রো ও জাপোরিজ্জিয়া এবং পূর্বাঞ্চলের পোলতাভা ও খারকিভেও আঘাত হানা হয়।

জেলেনস্কি দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে আসছে। তার মতে, দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে এটিই ইউক্রেনের সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা।

সর্বশেষ হামলায় ইউক্রেন প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র বেসামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

আরও পড়ুন <<>> সব পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত: আইআরজিসি

গত সপ্তাহে জেলেনস্কি সরাসরি হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে সহায়তা চেয়ে চিঠি পাঠান। সেখানে তিনি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে মানুষের জীবন রক্ষার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন।

তবে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ অনুরোধের কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতের সময় শত শত ব্যয়বহুল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, সর্বশেষ হামলা প্রমাণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিকল্প পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন দূরপাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার তেল শোধনাগার, বন্দর এবং অধিকৃত দক্ষিণ ইউক্রেন ও ক্রিমিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ স্থল যোগাযোগপথে একাধিক হামলা চালিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়