ছবি: আপন দেশ
কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সাম্প্রতিক গ্রীষ্মকালীন অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঋণ সহায়তা দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (০২ জুন) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ।
সার্কুলারে বলা হয়েছে, ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, বিদ্যালয় ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় কৃষক স্মার্ট কার্ডধারীদের বিশেষ গুরুত্ব দিতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রণীত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুসারে এসব কৃষকের জন্য ১০ টাকার হিসাব খোলা এবং ঋণ বিতরণে অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে।
তবে যেসব প্রান্তিক ও ভূমিহীন কৃষকের স্মার্ট কার্ড নেই, তারা যেন কোনোভাবেই ঋণ সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এছাড়া সাম্প্রতিক গ্রীষ্মকালীন অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে হাওর এলাকায় পাকা ধানসহ নানা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> ব্যাটারিচালিত রিকশা মহানগরের বাইরে নেয়ার পরিকল্পনা সরকারের
এ প্রেক্ষাপটে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ময়মনসিংহের হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
পাশাপাশি দেশের অন্যান্য জেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ভূমিহীন কৃষকদেরও দ্রুত ঋণ সহায়তা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে কৃষক স্মার্ট কার্ড কর্মসূচি এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে।
একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কৃষকদের উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধারে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































