ফাইল ছবি
ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
বিআরটিএর একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণে গঠিত ১২ সদস্যের কমিটি বৈঠকে বসবে। এ কমিটিই নতুন ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্ট অংশীজনদের ইতোমধ্যে বৈঠকের বিষয়ে জানানো হচ্ছে।
বৈঠক নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, মালিকপক্ষ নতুন ভাড়ার একটি প্রস্তাব উপস্থাপন করবে। ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে দ্রুত ভাড়া সমন্বয় প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক কর্মকর্তা জানান, ভাড়া সমন্বয় সংক্রান্ত বৈঠকটি আজ সন্ধ্যাতেই অনুষ্ঠিত হবে।
বর্তমানে বিআরটিএ নির্ধারিত ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৫ পয়সা। আন্তজেলা বা দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ১২ পয়সা। এছাড়া ঢাকা মহানগরে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মহানগরের বাইরে ৮ টাকা নির্ধারিত রয়েছে।
আরও পড়ুন <<>> দেশের মজুত গ্যাস ১২ বছরের চাহিদা মেটাবে: মন্ত্রী
তবে মালিক সমিতির সূত্র জানিয়েছে, নতুন প্রস্তাবে মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে ভাড়া ৪ টাকা নির্ধারণের সুপারিশ করা হতে পারে। দূরপাল্লার বাসে এ ভাড়া ৩ টাকা ৮০ পয়সা প্রস্তাব করা হতে পারে।
বিআরটিএ কর্মকর্তারা জানান, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ব্যয় বিশ্লেষণ করা হয়। পরে কমিটির সুপারিশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় গেজেট প্রকাশের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১ টাকা বাড়লে ভাড়া ১ পয়সা বৃদ্ধি পায়। একইভাবে দাম কমলে ভাড়াও একই হারে কমে।
এর আগে গতকাল রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং পেট্রলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































