ছবি: ফাইল ছবি
পঞ্চাশতম বিসিএস পরীক্ষার লিখিত ধাপের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দেশের অন্যতম প্রতিযোগিতামূলক এ নিয়োগ পরীক্ষার লিখিত পর্ব আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
পিএসসির নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষা ৯ এপ্রিল শুরু হয়ে সম্ভাব্য ফলাফল প্রকাশ করা হবে আগামী ৩০ জুলাই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু করার প্রস্তুতি নেয়া হয়েছে। সব ধাপ সম্পন্ন করে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন। এক বছরের মধ্যেই পুরো বিসিএস নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীদের মধ্য থেকে ১০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে মোট ১২ হাজার ৩৮৫ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। পঞ্চাশতম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডারে ৩৯৫টিসহ মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ৬৫০ জন, প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং শিক্ষা ক্যাডারে ১৮৫ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন <<>> নবনিযুক্ত আইজিপিকে র্যাংক ব্যাচ পরালেন প্রধানমন্ত্রী
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পিএসসির প্রধান কার্যালয়ে। পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের জন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখক সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে। যেসব প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন, তাদের আগামী ১০ মার্চের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অনলাইন আবেদনপত্রের কপি, দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, সমাজসেবা অধিদফতর থেকে প্রদত্ত প্রতিবন্ধিতার সনদ বা সুবর্ণ নাগরিক সনদ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে শ্রুতিলেখক নিয়োগ সম্ভব হবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের কেবল পিএসসি অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলেও জানানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































