ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও জোরদারে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এ ধারাবাহিকতায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) রাষ্ট্রদূতদের একটি প্রতিনিধিদল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। পাশাপাশি নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান তারা।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। ইইউ প্রতিনিধিরা বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তারা বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্বাগত জানান এবং সাংবিধানিক, বিচার বিভাগীয় ও শ্রম আইন সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
পররাষ্ট্রমন্ত্রী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের বড় পর্যবেক্ষক দল পাঠানোর জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে সুশাসন, আইনের শাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন <<>> ইসির ১১২ কর্মকর্তাকে বদলি
আলোচনায় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিশেষ গুরুত্ব পায়। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ব্যাপকভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা শুরুর বিষয়েও মতবিনিময় হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ব্লু ইকোনমি, অভিবাসন ব্যবস্থাপনা, পানিসম্পদ উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় উঠে আসে।
এর আগে ইইউ প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের ‘উইন-উইন’ অংশীদারত্ব আরও সম্প্রসারণ এবং অগ্রাধিকার খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, প্রতিনিধি দলে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা অংশ নেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































