আগামী মার্চের শুরুতে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেয়া হয়। পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের অঙ্গীকারের ভিত্তিতে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষ।
সাক্ষাতে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন এবং মিয়ানমারে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক রাজনৈতিক সমর্থন কামনা করেন।
আরও পড়ুন <<>> শিগগিরই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী
বৈঠকে দুই দেশই আশা প্রকাশ করে যে, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আগামী বছরগুলোতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

























