ছবি : আপন দেশ
জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে রাজধানী ঢাকার এক হাজার ৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শরফ উদ্দিন বলেন, ‘ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ সন্ধ্যার আগেই প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পৌঁছে যাবে। এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।’
তিনি বলেন, ‘আমরা কোনো চাপ অনুভব করছি না। এখন পর্যন্ত ৫২টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে। সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে। ঢাকার ১৩টি আসনে ১ হাজার ৪০০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনায় রেখেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।’
বিভাগীয় কমিশনার বলেন, ‘ঢাকায় নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পর্যাপ্ত পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্য থাকবেন।’
আরও পড়ুন : নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জানালেন ইসি সানাউল্লাহ
তিনি আরও বলেন, ‘ঢাকার ৯০ ভাগ ভোট কেন্দ্র সিসিটিভির আওতাধীন থাকবে। বডি ওর্ন ক্যামেরা নিয়ে ২ জন আনসার সদস্য থাকবেন। তারা রিয়েল টাইম ফুটেজ আপলোড দেবেন।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































