রাজধানীতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়। তবে এবার ভিন্ন ধরনের প্রদর্শনী করছে রাজধানীবাসী। এ প্রদর্শনী কোন ব্যবহারিক পণ্য নয়, এটি একটি পরিত্যক্ত জিনিসের প্রদর্শনী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জনসচেতনা সৃষ্টির জন্য এর আয়োজন করে।
এবার প্রদর্শনীতে স্থান পেয়েছে খাল থেকে উদ্ধার করা সিরামিকের তৈরি শোপিস- পরিত্যক্ত ডানাকাটা পরী। রাজধানীর কোনো বাসিন্দা নিজ বাসার সৌন্দর্য বর্ধনের জন্য এটি ব্যবহার করতেন। পরে পরিত্যক্ত হওয়ায় তা খালে ফেলে দিয়েছিলেন। যা ডিএনসিসি মোহাম্মদপুরের একটি খাল থেকে উদ্ধার করেছে।
শনিবার (১১ মে) গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনের সামনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা সবার জন্য উন্মুক্ত। এর উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। প্রথমে তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলার কথা থাকলেও, পরে মেয়রের নির্দেশনায় সাতদিন পর্যন্ত চলবে বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন>> সকালের বৃষ্টিতে ডুবেছে রাজধানীর সড়ক
রাজধানীর বিভিন্ন খাল থেকে উদ্ধার করা পরিত্যক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে পরিত্যক্ত লেপ, তোশক, সোফা, লাগেজ, খাট, ক্যাবল, টায়ার, কমোড, ফুলের টব, রিকশার অংশবিশেষ, টেবিল, চেয়ার, বেসিন, ব্যাগ, প্লাস্টিকের বিভিন্ন পণ্য। এগুলোর কারণেই মূলত পানি প্রবাহ নষ্ট হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা নিজেরা এ শহরে বাস করি। কিন্তু কতটা অসচেতন; লেপ-তোশক, জাজিম, রিকশা, সোফা, কমোড, টায়ারসহ এমন কিছু নেই যা খালে ফেলিনি। এসবের কারণেই পানিপ্রবাহ নষ্ট হয়ে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা চাই এসব সবাই দেখুক, নিজেরা সচেতন হোক; আর যেন কেউ খালে, ড্রেনে এভাবে পরিত্যক্ত জিনিস না ফেলে। আমরা খালগুলোর প্রবাহ ঠিক করতে কাজ করছি। এ প্রদর্শনীর আয়োজন মূলত জনসচেতনতা সৃষ্টি করা।’
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































