Apan Desh | আপন দেশ

বইমেলায় অংশ নেবেন না তিন শতাধিক প্রকাশক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বইমেলায় অংশ নেবেন না তিন শতাধিক প্রকাশক

ছবি: সংগৃহীত

দেশের সৃজনশীল প্রকাশকদের বড় একটি অংশ আসন্ন একুশে বইমেলা নিয়ে আপত্তি তুলেছেন। তারা ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজনকে ‘বাস্তবতাবিবর্জিত’ ও ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত বলে মনে করছেন। তাদের মতে, এ সময়ে মেলা হলে প্রকাশনা শিল্প বড় অনিশ্চয়তায় পড়বে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) ৩২১ জন প্রকাশক যৌথ বিবৃতি দেন। তারা জানান, ফেব্রুয়ারিতে বইমেলা হলে তারা অংশ নেবেন না। ঈদের পরে মেলা হলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।

বিবৃতিতে বলা হয়, বইমেলা কেবল একটি প্রশাসনিক আয়োজন নয়। এটি লেখক, প্রকাশক ও পাঠকের মিলনমেলা। জাতীয় নির্বাচনের পর রোজার মধ্যে মেলা আয়োজনের সিদ্ধান্তে মেলার মূল উদ্দেশ্য ব্যাহত হবে। রোজায় পাঠক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মানবিক ও অর্থনৈতিক ঝুঁকিও বাড়বে।

প্রকাশকেরা বলেন, মেলা শুরুর কয়েকদিন পরেই রমজান শুরু হবে। রোজার দিনে তীব্র গরম ও যানজট পেরিয়ে পাঠক মেলায় আসবেন না। পাঠকহীন মেলা প্রকাশক ও আয়োজক উভয়ের জন্যই বিব্রতকর হবে।

বিবৃতিতে আরও বলা হয়, মেলার স্টলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করেন। সারাদিন রোজা রেখে ইফতার ও তারাবির পর তাদের দিয়ে কাজ করানো অমানবিক। প্রকাশকেরা তাদের কর্মীদের এমন কষ্টে ফেলতে চান না।

প্রকাশকদের দাবি, গত দেড় বছরে প্রকাশনা শিল্প চরম মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আরেকটি অসফল মেলায় অংশ নিয়ে তারা অবশিষ্ট পুঁজি হারাতে চান না।

আরও পড়ুন <<>> নির্ধারিত তারিখেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

অন্যদিকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, এপ্রিলে বইমেলা আয়োজন প্রায় অসম্ভব। বৈশাখী ঘূর্ণিঝড়, তীব্র রোদ ও ধুলার কারণে এপ্রিল মাস মেলার জন্য সবচেয়ে খারাপ সময়। বর্তমান সময়টিতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তুলনামূলক কম। এ বিবেচনায় সময় নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, প্রকাশকদের সঙ্গে আলাপ করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রকাশকদের বিবৃতিতে এপ্রিলে ঝড়-বৃষ্টির যুক্তিকে ‘অজুহাত’ বলা হয়েছে। তারা বলেন, ঈদের পরে মেলা হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির ঝুঁকি তারা নিতে প্রস্তুত। তবে জেনেশুনে রোজার মধ্যে মেলা করে নিশ্চিত ব্যবসায়িক ক্ষতির ঝুঁকি তারা নিতে চান না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়