Apan Desh | আপন দেশ

নির্ধারিত তারিখেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্ধারিত তারিখেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

ফাইল ছবি

প্রকাশকদের দাবি সত্ত্বেও পেছানো হচ্ছে না ২০২৬ সালের অমর একুশে বইমেলা। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই মেলা শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা অ্যাকাডেমি।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা বলেন, সামগ্রিক বাস্তবতার আলোকে আগামী ২০শে ফেব্রুয়ারিতেই বইমেলা শুরু হবে। আমরা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার সময় নিয়ে ভিন্নমত প্রকাশকারী সম্মানিত প্রকাশকদের অনুরোধ করছি কিছুটা চ্যালেঞ্জ থাকলেও বইমেলায় অংশ নিতে এগিয়ে আসার জন্য।
 
এর আগে গত সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সাধারণ প্রকাশকদের একটি বড় অংশ মেলা পেছানোর দাবি জানিয়েছিলেন। তাদের যুক্তি ছিল, ফেব্রুয়ারি মাসজুড়ে রমজান ও সামনে ঈদ থাকায় মানুষের মনোযোগ ও ব্যয় মূলত খাদ্য ও পোশাকে সীমাবদ্ধ থাকবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রধান ক্রেতা শিক্ষার্থীরা ঢাকায় থাকবে না, ফলে মেলা ‘পাঠকশূন্য’ হওয়ার ব্যবসায়িক ঝুঁকি রয়েছে। প্রকাশকরা মেলাটি ঈদুল ফিতরের পর আয়োজনের জোর দাবি তুলেছিলেন।
 
বাংলা অ্যাকাডেমি সূত্রে জানানো হয়েছে, এপ্রিল মাসে মেলা আয়োজন করা হলে তীব্র তাপপ্রবাহ, ধুলোবালি ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা থাকে। যা খোলা জায়গায় মাসব্যাপী মেলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া মেলার প্রস্তুতি ইতোমধ্যে ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে, স্টল নির্মাণের কাজও চলমান। এসব দিক বিবেচনা করেই ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলার সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়