ছবি: আপন দেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিতের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। ফলে নির্ধারিত সময়েই নির্বাচন হবে।
রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে শুনানি করেন আইনজীবী মাহিন এম. রহমান। আর আবেদনকারী ড. মোশাররফ হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী মহসিন রশিদ।
শুনানি শেষে মাহিন এম. রহমান জানান, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন স্থগিত চেয়ে একটি আবেদন করা হয়েছিল। তবে উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সিদ্ধান্ত নেয়, বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় আদালত কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
এর আগে বিসিবির প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচন।
নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের কার্যক্রম শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে এটি হতে যাচ্ছে বিসিবির দ্বিতীয় নির্বাচন।
তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের আগেই নির্বাচন আয়োজনের যে প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমান তফসিলের মাধ্যমে তার বাস্তবায়ন হচ্ছে। তফসিল অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলরের নাম জমা পড়েছে।
রোববার বিকেলে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এরপর শুরু হবে আপত্তি গ্রহণ প্রক্রিয়া। সোমবার (১৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে। সব আপত্তি নিষ্পত্তি শেষে ১৯ মে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
আরও পড়ুন <<>> আমীর হামজাকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
এরপর শুরু হবে মনোনয়ন কার্যক্রম। ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ২০ হাজার টাকা অফেরতযোগ্য ফিতে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
মনোনয়নপত্র জমা নেয়া হবে ২১ ও ২২ মে। যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে আপিল শুনানি সম্পন্ন হবে।
সবশেষে পোস্টাল ও ই-ভোটের জন্য আবেদন করা যাবে ২৫ মে রাত ১২টা পর্যন্ত। এসব ভোট গ্রহণ চলবে ১-৬ জুন পর্যন্ত। তবে ৭ জুন দুপুর ১টার পর আর কোনো পোস্টাল বা ই-ভোট গ্রহণ করা হবে না।
এরপর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































