Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সি সিলগালা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৫২, ১০ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সি সিলগালা

ফাইল ছবি, আপন দেশ

সরকারি কোনো ঘোষণা বা অনুমোদন ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে রাজধানীর একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় ত্রিপল এ ওভারসিজ নামে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বিদেশগামী কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে নেয়া তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিএমইটি সূত্রে জানা গেছে, ত্রিপল এ ওভারসিজ (আরএল-২৬৩০) নামের রিক্রুটিং এজেন্সিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির কার্যালয় সিলগালা করে দেয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন<<>>ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

অভিযানকালে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বিদেশগামী সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে সংগ্রহ করে রাখা তিন বক্স পাসপোর্টও জব্দ করা হয়। পাসপোর্টগুলো বিএমইটির জিম্মায় নেয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অবস্থাতেই কোনো অসাধু বা অবৈধ রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেয়া হবে না। যারা নিয়ম অমান্য করবে এবং প্রবাসীদের জিম্মি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

জব্দ করা পাসপোর্টগুলো আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়